ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

এনসিটি চুক্তি বাতিল ও সিসিটির ইজারা প্রক্রিয়া বন্ধের দাবি স্কপের

এনসিটি চুক্তি বাতিল ও সিসিটির ইজারা প্রক্রিয়া বন্ধের দাবি স্কপের
×
×

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬ | ২২:২৬

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার চুক্তি বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এনসিটি পরিচালনা চুক্তি বাতিলের পাশাপাশি চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) ইজারা প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।

তবে সরকারের সঙ্গে আলোচনার পর আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছে বিএনপিপন্থি বন্দর শ্রমিকদের সংগঠন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

এনসিটি ইজারার প্রতিবাদে এক মাস ধরে নানা কর্মসূচি পালন করে আসছিল বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। গত ১৯ সেপ্টেম্বর সংবাদ সম্মেলন করে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল, অবস্থান ও অনশন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। ইজারা চুক্তি স্বাক্ষরের আগের দিন বন্দর অচল করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন নেতারা। এর মধ্যেই সরকার ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। সোমবার আমরণ অনশনে বসার ঘোষণা দেওয়া হয়েছিল। তার আগেই রোববার কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত জানানো হয়।

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর ফেসবুকে এক স্ট্যাটাসে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম ও প্রতিমন্ত্রী রাজিব আহসানের সঙ্গে বন্দর কর্মকর্তা-কর্মচারীদের দাবিদাওয়া নিয়ে ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে অনশন কর্মসূচি স্থগিত করা হয়েছে। একই বক্তব্য দেন সংগঠনের আরেক যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খোকন।

কর্মসূচি স্থগিতের কারণ জানতে চাইলে হুমায়ুন কবীর বলেন, শ্রমিক-কর্মচারীদের চাকরির নিশ্চয়তার দাবি মন্ত্রী-প্রতিমন্ত্রীর কাছে উত্থাপন করা হয়েছে। তারা আশ্বাস দেওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছে; প্রত্যাহার করা হয়নি।

তবে এ সিদ্ধান্ত নিয়ে শ্রমিক সংগঠনগুলোর মধ্যে ভিন্নমত দেখা দিয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নুরুল্লাহ বাহার বলেন, ‘এ সিদ্ধান্ত বন্দর শ্রমিকদের ওপর প্রভাব ফেলবে। এ বিষয়ে বিস্তারিত স্কপের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।’

স্কপ নেতা ও চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটির সদস্য সচিব ফজলুল কবির মিন্টু বলেন, এনসিটি ইজারার প্রতিবাদে তারা বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সঙ্গে যৌথভাবে কয়েকটি কর্মসূচি পালন করেছেন। তবে মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়ে তাদের জানানো হয়নি। ওই আলোচনার সঙ্গে স্কপের কোনো সম্পর্ক নেই। তাদের কর্মসূচি চলবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলনে স্কপ নেতারা বলেন, জাতীয় স্বার্থ উপেক্ষা করে রাষ্ট্রীয় অর্থে নির্মিত গুরুত্বপূর্ণ ও লাভজনক টার্মিনালের পরিচালনগত নিয়ন্ত্রণ বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া গ্রহণযোগ্য নয়। বন্দরের আধুনিকায়নের নামে জাতীয় অর্থনীতি, সার্বভৌমত্ব, শ্রমিকের অধিকার ও বৈদেশিক বাণিজ্যের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলা যাবে না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এএম নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-চট্টগ্রামের যুগ্ম সমন্বয়ক খোরশেদুল আলম, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক শ ম জামাল উদ্দিন, টিইউসির কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, বিএলএফ-চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবসার তৌহিদ, বিএফটিইউসির সাধারণ সম্পাদক কেএম শহিদুল্লাহ, বিএফটিইউসির যুগ্ম সম্পাদক রিজওয়ানুর রহমান খান, বিএলএফ-চট্টগ্রাম মহানগর কমিটির আবু আহমদ মিয়া।

আরও পড়ুন

×