জাতীয় সংসদ নির্বাচন
বিজয়ী প্রার্থীদের অন্তত ৬০ শতাংশের প্রধান পেশা ব্যবসা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৪৭
| প্রিন্ট সংস্করণ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অন্তত ৬০ শতাংশের প্রধান পেশা ব্যবসা। তাদের অনেকে বস্ত্র ও তৈরি পোশাক খাতের ব্যবসায় যুক্ত। ব্যাংক, বীমাসহ অন্যান্য ব্যবসা রয়েছে কারও কারও। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামার বিশ্লেষণ থেকে এটি জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচিত সদস্যদের মধ্যে ব্যবসায়ী ছিলেন ৬৭ শতাংশ। এবার ব্যবসায়ী প্রার্থীদের মধ্যে আলোচিত অনেকে নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন– ফেনী-৩ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী আবদুল আউয়াল মিন্টু। মাল্টিমোড গ্রুপের চেয়ারম্যান এই ব্যবসায়ী নেতা বর্তমানে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি তিনি। নোয়াখালী-৫ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী মোহাম্মদ ফকরুল ইসলাম ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান। বীমা প্রতিষ্ঠানের মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাঈদ আহমেদ শরীয়তপুর-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হন।
নির্বাচিতদের মধ্যে বস্ত্র ও তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের অন্তত ১১ জন রয়েছেন। তাদের সবাই ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করে জয়ী হন। তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর সদস্যদের মধ্যে আছেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এম ওবায়দুর রহমানের মেয়ে স্প্যারো গ্রুপের শামা ওবায়েদ ইসলাম। তিনি ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত হয়েছেন। বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি এরশাদ উল্লাহ চট্টগ্রাম-৮ আসনে জয় পেয়েছেন। বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি- বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন নির্বাচনের আগে। ধানের শীষ প্রতীক নিয়ে তিনি লক্ষ্মীপুর-১ আসনে জয়ী হয়েছেন। জাকারিয়া তাহের সুমন কুমিল্লা-৮ আসনে জয়ী হয়েছেন। ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে জয়ী হয়েছেন। শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সীগঞ্জ-১ আসনে জয়ী হয়েছেন।
বস্ত্র খাতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতাদের মধ্যে রয়েছেন সহসভাপতি মো. আবুল কালাম। তিনি কুমিল্লা-৯ আসন থেকে জয়ী হয়েছেন। বিটিএমএর পরিচালক মোসা. আফরোজা খানম রিতা নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ-৩ আসন থেকে। বিটিএমএর সাবেক সহসভাপতি এস এম ফয়সাল নির্বাচিত হয়েছেন হবিগঞ্জ-৪ আসনে। এ ছাড়া নরসিংদী-৩ আসন থেকে নির্বাচিত হয়েছেন বিটিএমএর সদস্য মঞ্জুর এলাহী।
তবে পোশাক খাতের পরিচিত দুই
প্রভাবশালী এবার নির্বাচনে পরাজিত হয়েছেন। তাদের মধ্যে বিজিএমইএর বর্তমান সভাপতি এবং রাইজিং ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু) চুয়াডাঙ্গা-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জামায়াত নেতার কাছে পরাজিত হন। বিজিএমইএর সাবেক সভাপতি ও এলডিপি থেকে বিএনপিতে যোগ দেওয়া রেদওয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছেন।
- বিষয় :
- জাতীয় সংসদ নির্বাচন
