ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব প্রতিষ্ঠায় সম্মত পাকিস্তান

খলিলুর রহমানের সঙ্গে ইসহাক দারের ফোনালাপ

ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব প্রতিষ্ঠায় সম্মত পাকিস্তান
×

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৪৬ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | ১১:৫৫

দুই দেশের জনগণের স্বার্থে ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব প্রতিষ্ঠায় সম্মত হয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। রোববার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপের পর নিজের এক্স হ্যান্ডলে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার বিকেল ৫টার পর দুই পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ফোনালাপ শুরুর আগে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

ইসহাক দার এক্স হ্যান্ডলে লিখেছেন, খলিলুর রহমানের সঙ্গে ফোনালাপের সময় তাঁর সাম্প্রতিক নিয়োগ নিয়ে অভিনন্দন জানিয়েছি। শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির অভিন্ন লক্ষ্য সামনে রেখে আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেছি।

দুই নেতা বহুমাত্রিক খাতের পাশাপাশি বহুপক্ষীয় ফোরামে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছেন এবং পাকিস্তান ও বাংলাদেশের জনগণের স্বার্থে একটি ভবিষ্যৎমুখী অংশীদারিত্ব গড়ে তুলতে সম্মত হয়েছেন।

এদিকে রোববার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। 

এ সাক্ষাতের বিষয়ে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইমরান হায়দার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার ও বিস্তৃত করার জন্য বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। খলিলুর রহমান উভয় দেশের জনগণের কল্যাণের জন্য সহযোগিতার নতুন পথ অন্বেষণে সরকারের অভিপ্রায় ব্যক্ত করেছেন। তিনি দক্ষিণ এশিয়ায় সব দেশের জনগণের কল্যাণের জন্য আঞ্চলিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রাধিকারের ওপরও জোর দেন।

আরও পড়ুন

×