গণতান্ত্রিক যুক্তফ্রন্টের বিবৃতি
অন্তর্বর্তী সরকারের শাসনামলের শ্বেতপত্র দাবি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬ | ২১:৪৪
অন্তর্বর্তী সরকারের ১৭ মাসের শাসনামলের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। একই সঙ্গে ওই সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যথাযথ তদন্তের মাধ্যমে স্পষ্ট করা এবং দোষী হলে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বামপন্থি দলগুলোর জোটটি।
শুক্রবার গণতান্ত্রিক যুক্তফ্রন্টের এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে ইতোমধ্যে বিভিন্ন মহল থেকে আলোচনা-সমালোচনা হচ্ছে। এই সরকারের সময় মব সন্ত্রাস ভয়াবহ রূপ নিয়েছিল। এক্ষেত্রে সরকারের কারও কারও বক্তব্যে প্রত্যক্ষ-পরোক্ষ মদদ ছিল বলে জনমনে ধারণা রয়েছে।
বিবৃতিতে জোটের নেতারা বলেন, শেখ হাসিনার বিচারের একটি মামলার রায় ছাড়া গণঅভ্যুত্থানে সময় সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের তেমন উল্লেখযোগ্য অগ্রগতি দৃশ্যমান হয়নি। তা ছাড়া ব্যাপক মামলা বাণিজ্যের কারণে অনেক নিরীহ মানুষও হয়রানির শিকার হয়েছে। সব দলের সম্মতিতে ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে নিজেদের মতো জোর করে চাপিয়ে দিতে চাওয়ায় যেসব প্রয়োজনীয় সংস্কার হতে পারত, তাও ভেস্তে যেতে বসেছে।
নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টার সম্পর্কে দুর্নীতির অভিযোগ গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়েছে। গণতান্ত্রিক উত্তরণের জন্য উল্লিখিত বিষয় সম্পর্কে বিগত অন্তর্বর্তী সরকারের শাসনামলের শ্বেতপত্র প্রকাশ করা এবং উপদেষ্টাদের দুর্নীতির অভিযোগ তদন্ত ও দোষীদের বিচার করা জরুরি।
বিবৃতিতে সই করেছেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা এবং সোনার বাংলা পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর রশীদ।
