ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আন্তর্জাতিক নারী দিবস পালিত

নারীর নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার

নারীর নিরাপত্তা, সমান অধিকার  ও মর্যাদা প্রতিষ্ঠার অঙ্গীকার
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬ | ১২:০৩

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশেও গতকাল রোববার পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। দিনটি উপলক্ষে ঢাকাসহ সারাদেশে বিভিন্ন দল ও সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, সমাবেশ, সেমিনার, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। নারীর নিরাপত্তা, সমানাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে এসব কর্মসূচি পালিত হয়। বক্তারা নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও নির্যাতন প্রতিরোধে নারী-পুরুষ সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। 

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: শামা ওবায়েদ

গতকাল জাতীয় প্রেস ক্লাব এক আলোচনা সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার নারীর ক্ষমতায়ন, সমতা ও সমৃদ্ধি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই লক্ষ্য সামনে রেখে সরকার মেয়েদের জন্য অবৈতনিক স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালু করবে। অনলাইন হয়রানি, লিঙ্গভিত্তিক সহিংসতা, ধর্ষণ, নির্যাতন, এসিড আক্রমণ এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দ্রুত বিচার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমি সরকারের অংশ হলেও আমার বড় পরিচয় আমি একজন মা, একজন মেয়ে ও একজন নারী। আমি আমার অবস্থান থেকে চাইব একজন ধর্ষক যেই হোক, তাকে দেশের আইনে দ্রুত বিচারের আওতায় আনতে হবে।’  

সভায় নারী সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য জ্যেষ্ঠ সাংবাদিক মমতাজ বিলকিস বানুকে সম্মাননা দেওয়া হয়। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, মোমিন হোসেন। সঞ্চালনা করেন জাতীয় প্রেস ক্লাবের নারী ও শিশুশিক্ষা উপকমিটির আহ্বায়ক শাহনাজ বেগম পলি।

গণঅভ্যুত্থানের পর নারী অধিকার সংকুচিত হয়েছে: সাইফুল হক

শ্রমজীবী নারী মৈত্রী আয়োজিত আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর সমাজে নারী অধিকার অনেক ক্ষেত্রে সংকুচিত হয়েছে। নারী আরও নিরাপত্তাহীন হয়েছে। নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সব অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান তিনি। 

সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নতুন সরকার, পুরুষতন্ত্র ও নারী অধিকারের লড়াই’ শীর্ষক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী।  

সামাজিক প্রতিরোধ কমিটির সমাবেশ

কেন্দ্রীয় শহীদ মিনারে সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত সমাবেশে নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় বৈষম্য নিরসন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। 

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, নারী প্রগতি সংঘের পরিচালক শাহানাজ সুমী, কেয়ার বাংলাদেশের উইমেন অ্যান্ড ইয়ুথ প্রোগ্রামের পরিচালক রওনক জাহান, আদিবাসী নারী নেটওয়ার্কের সদস্য মনিরা ত্রিপুরা প্রমুখ। পরে উদীচী শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় প্রতিবাদী গান ও কবিতা আবৃত্তি করা হয়। সব শেষে শহীদ মিনার থেকে টিএসসি পর্যন্ত শোভাযাত্রা হয়।

নারীমুক্তি কেন্দ্রের মিছিল 

জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র মিছিল ও সমাবেশ করে। সংগঠনের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক তৌফিকা দেওয়ান লিজার পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুস্মিতা রায় সুপ্তি, প্রগতি বর্মণ তমা প্রমুখ। 

সিপিবির আলোচনা সভা 

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) আলোচনা সভা পুরানা পল্টনে মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দলটির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদারের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তারের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন, আক্তার বানু, তাহমিনা ইয়াসমিন নীলা, শিল্পী আক্তার প্রমুখ।

নারী জোটের কর্মসূচি 

জাতীয় নারী জোট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে আলোচনা সভা করেছে। জাসদের নারীবিষয়ক সম্পাদক ও জাতীয় নারী জোট নেতা সৈয়দা শামীমা সুলতানা হ্যাপির সভাপতিত্বে ও রাবেয়া দিলরুবার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাসদের সহসভাপতি শফি উদ্দিন মোল্লা, জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাইফুজ্জামান বাদশা, মীর্জা মো. আনোয়ারুল হক প্রমুখ।

মানুষের জন্য ফাউন্ডশেনের সভা 

মানুষের জন্য ফাউন্ডশেন গতকাল ‘হার ভয়েস, হার রাইটস’ র্শীষক আলোচনা সভা আয়োজন করে। সভায় স্বাগত বক্তব্য দেন সংস্থার নির্বাহী পরিচালক শাহীন আনাম। বক্তব্য দেন সিএসআইডির নির্বাহী পরিচালক খন্দকার জহুরুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আইনুন নাহার, মানবাধিকারকর্মী সুস্মিতা চাকমা। 

আরও পড়ুন

×