মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে ১১ দিনে ৩৬৭ ফ্লাইট বাতিল
বিদেশে যেতে না পেরে অনেকেই বিমানবন্দর থেকে বাড়ি ফিরছেন। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬ | ২২:৪২
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও নিরাপত্তার কারণে ইরান, ইরাক, কুয়েতসহ সাতটি দেশের আকাশসীমা বন্ধ থাকার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিনিয়ত বাতিল হচ্ছে দেশি–বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানায়, মঙ্গলবার বাংলাদেশ বিমানসহ ৯টি এয়ারলাইন্সের ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। ফ্লাইটগুলো হচ্ছে, বিমান বাংলাদেশ ৩, ইউএস-বাংলা ৩, কুয়েত ২, এয়ার অ্যারাবিয়া ৪, গালফ এয়ার ৪, কাতার ৪, এমিরেটস ৪, জাজিরা ৪, ফ্লাই দুবাই ৪।
এসময় চরম ভোগান্তিতে পড়েন দেশের বিভিন্ন জেলা থেকে বিদেশে কর্মস্থলে যোগদানের উদ্দেশে বিমানবন্দরে আসা যাত্রীসহ তাদের স্বজনরা।
জানা যায়, বিমানবন্দর কর্তৃপক্ষের পরিসংখ্যান অনুযায়ী গত ২৮ ফেব্রয়ারি থেকে আজ পর্যন্ত ১১ দিনে এ নিয়ে মোট ৩৬৭ টি ফ্লাইট বাতিল হয়েছে।
সরেজমিন বিমানবন্দর ঘুরে বিভিন্ন যাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, ফ্লাইট বাতিলের কারণে চরম ভোগান্তিতে আছেন তারা। ভুক্তভোগীরা জানান, বিমানবন্দরে ফ্লাইট বাতিলের বিষয়টি আগে থেকে জানানো হয়নি। এ কারণে বিমানবন্দরে প্রতিনিয়ত ফ্লাইট বাতিলের ঘটনায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
বিমানবন্দরে দেশি–বিদেশি এয়ারলাইন্সের ৩৬৭টি ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহম্মাদ কাউছার মাহমুদ। তিনি বলেন, বিমানবন্দর থেকে পরিচালিত হয়েছে ৩৩২ ফ্লাইট।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মস্থলে যোগদানের উদ্দেশে ফ্লাইটের আসার দেশের বিভিন্ন জেলা থেকে আসা যাত্রীরা বিমানবন্দরে ভিড় করছে। এসময় ফ্লাইট বাতিলের খবর শুনে টিকিট ও ভিসার মেয়াদ নিয়ে চরম হতাশায় আছেন বাতিল হওয়া বিভিন্ন ফ্লাইটের যাত্রীরা।
