ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জামায়াত আমির চাইলে সেই চিঠি প্রকাশ করতে প্রস্তুত মন্ত্রণালয়

জামায়াত আমির চাইলে সেই চিঠি প্রকাশ করতে প্রস্তুত মন্ত্রণালয়
×

 কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ০৮:২৫ | আপডেট: ১২ মার্চ ২০২৬ | ১১:০১

| প্রিন্ট সংস্করণ

জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্যাডে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে পাঠানো একটি চিঠি নিয়ে বিতর্ক থামছে না। তাঁর অনুমতি সাপেক্ষে চিঠিটি প্রকাশ করতে প্রস্তুত পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বুধবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২২ ফেব্রুয়ারি শফিকুর রহমান বিরোধীদলীয় নেতার প্যাডে নিজের স্বাক্ষরে পররাষ্ট্রমন্ত্রীকে একটি চিঠি দেন। সেই চিঠিতে শফিকুর তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা (সদ্য অব্যাহতি পাওয়া) অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে মন্ত্রীর পদমর্যাদায় মন্ত্রণালয়ে পদায়নের জন্য অনুরোধ করেন।
বিবৃতিতে বলা হয়, বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীকে লেখা একটি চিঠি গণমাধ্যমে পাঠান মাহমুদুল হাসান। পরবর্তী সময়ে তিনি একই চিঠি সরাসরি পররাষ্ট্রমন্ত্রীর কাছেও হস্তান্তর করেন। চিঠিটি বিরোধীদলীয় নেতার জাতীয় সংসদের প্যাডে লেখা ছিল। চিঠির বিষয়বস্তু হচ্ছে– মাহমুদুল হাসানকে ‘বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা’ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘উপদেষ্টা বা মন্ত্রী’ পদমর্যাদায় নিয়োগ ও সুপারিশ।

চিঠিতে মাহমুদুল হাসানের দক্ষতা, পেশাদারিত্ব ও বিচক্ষণতার প্রশংসা করা হয়েছে এবং দেশের পররাষ্ট্রনীতিকে একত্রে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তাঁকে উল্লিখিত পদে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রীর কাছে সুপারিশ করা হয়েছে। বিষয়টিকে বিশেষভাবে বিবেচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি অনুরোধ জানান জামায়াত আমির। 
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বিরোধীদলীয় নেতা লিখিতভাবে সম্মতি দিলে পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠিটির পূর্ণ পাঠ জনসমক্ষে প্রকাশ করতে প্রস্তুত রয়েছে।
এদিকে একটি পত্রিকার প্রতিবেদন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টিগোচর হয়েছে। যেখানে উল্লেখ রয়েছে, ‘জামায়াতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয়। সেখানে জানানো হয়, উক্ত চিঠির বিষয়ে আমিরে জামায়াত অবগত ছিলেন না।’ পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের কোনো ফোনালাপ হয়নি।

আরও পড়ুন

×