লিভ টু আপিল খারিজ
নিউমুরিং টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬ | ২২:৫৬
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া বৈধ বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আপিল বিভাগ এনসিটি পরিচালনার চুক্তি বিষয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি) খারিজ করে বৃহস্পতিবার এই আদেশ দেন।
ফলে এনসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তিতে কোনো বাধা থাকল না।
এর আগে গত ২৯ জানুয়ারি এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। গত বছরের ৪ ডিসেম্বর এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে দ্বিধাবিভক্ত রায় দেন হাইকোর্ট।
বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেন। তবে বেঞ্চের জুনিয়র বিচারপতি ফাতেমা আনোয়ার রিট খারিজ করে চুক্তি প্রক্রিয়া বৈধ বলে মত দেন। পরে নিয়মানুযায়ী প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠানো হয়।
আদালতে রিট আবেদনের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
গত ২৫ নভেম্বর এনসিটি পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়। চুক্তি সংক্রান্ত চলমান প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে এর আগে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান হাইকোর্টে রিট করেন। প্রাথমিক শুনানির পর গত বছর ৩০ জুলাই রুল জারি করেছিলেন হাইকোর্ট।
- বিষয় :
- এনসিটি
- চট্টগ্রাম বন্দর
- আপিল বিভাগ
