শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া
মো. সেলিম ভূঁইয়া
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৭
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়াকে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে। বুধবার তাকে এই দায়িত্ব দেওয়া হয়।
অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) এবং বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। দলীয় সূত্রে জানা গেছে, কুমিল্লা বিভাগে দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারে তিনি ভূমিকা রেখেছেন।
শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের আন্দোলনেও দীর্ঘদিন ধরে সক্রিয় সেলিম ভূঁইয়া। শিক্ষক-কর্মচারীদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন কর্মসূচিতে তিনি নেতৃত্ব দিয়েছেন।
সেলিম ভূঁইয়া শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হওয়ার খবরে শিক্ষক-কর্মচারীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানিয়ে অনেকে আশা প্রকাশ করেছেন, শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা সমাধান, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং শিক্ষার মানোন্নয়নে তিনি ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পাওয়ায় হোমনা ও তিতাসের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও তার নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। দেশের বিভিন্ন এলাকার শিক্ষক-কর্মচারীরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।
- বিষয় :
- কুমিল্লা
- শিক্ষা মন্ত্রণালয়
- কমিটি