ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রকৃত ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিশ্চিতের দাবি

প্রকৃত ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিশ্চিতের দাবি
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬ | ০২:৫৬

ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের যাচাই-বাছাই করে সম্মানী ভাতা দেওয়ার জন্য সরকারের প্রতি পাঁচ দফা দাবি জানিয়েছে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন। সংগঠনের নেতারা বলেন, দেশের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এটি ধর্মীয় সেবায় নিয়োজিত মানুষের কল্যাণে একটি প্রশংসনীয় উদ্যোগ বলেও তারা মন্তব্য করেন।

রোববার জাতীয় প্রেস ক্লাব-এর মাওলানা আকরম খাঁন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুফতি ইসহাক মাহমুদ রফিকী, মুফতি রাতুল আমীন, মুখলেসুর রহমানসহ সংগঠনের নেতারা।

সংগঠনের পক্ষ থেকে জানানো পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—প্রকৃত ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের যথাযথভাবে যাচাই-বাছাই করে সম্মানী ভাতার তালিকা প্রস্তুত করা, শুধু ইমাম-মুয়াজ্জিন নয় খতিবদেরও এ প্রকল্পে অন্তর্ভুক্ত করা এবং প্রাথমিকভাবে গ্রামীণ দরিদ্র জনপদের অস্বচ্ছল মসজিদের ইমাম-খতিব ও মুয়াজ্জিনদের অগ্রাধিকার দেওয়া।

এ ছাড়া স্থানীয় প্রশাসন, ইমাম-খতিব প্ল্যাটফর্ম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে স্বচ্ছ তদন্ত করে প্রকৃত হকদারদের তালিকা প্রণয়ন এবং রাজনৈতিক প্রভাবমুক্তভাবে প্রশাসন ও ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি কার্যকর কমিটি গঠনের দাবিও জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ধর্মীয় সেবায় নিয়োজিত ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক ও অর্থনৈতিক মর্যাদা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। পাশাপাশি মসজিদের ইমাম-খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের সামাজিক নিরাপত্তা এবং কর্মস্থলে যথাযথ অধিকার নিশ্চিত করার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।

তারা আরও বলেন, অনেক মসজিদে ছোটখাটো অজুহাতে ইমাম-খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের চাকরিচ্যুত করা হয়। তাই মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ বাস্তবায়নের মাধ্যমে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

মুফতি শামীম মজুমদার বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও এবং থানা পুলিশের কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করা প্রয়োজন। ইমাম-খতিব, মুয়াজ্জিন ও খাদেমদের স্বার্থ রক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিলে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

আরও পড়ুন

×