ঝটিকা তদারকি
ভিডিও কলে হাসপাতালের হাজিরা খাতা তলব করলেন প্রতিমন্ত্রী
ভিডিও কলে হাসপাতালের কার্যক্রম তদারকি করেন প্রতিমন্ত্রী। ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৬ | ১৩:৩৪ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ | ১৪:১৬
সিলেটের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিকভাবে ভিডিও কলে যুক্ত হয়ে চিকিৎসাসেবা তদারকি করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি ঢাকার সচিবালয় থেকে সরাসরি যুক্ত হয়ে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
ভিডিও কলে যুক্ত হয়ে প্রতিমন্ত্রী প্রথমে বহির্বিভাগে (আউটডোর) চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি সেবার মান, চিকিৎসকদের উপস্থিতি এবং সরকারি ওষুধ সম্পর্কে জানতে চান। রোগীদের কাছ থেকে সন্তোষজনক উত্তর পাওয়ার পর তিনি দায়িত্বরত চিকিৎসকদের বিষয়ে খোঁজ নেন।
একপর্যায়ে প্রতিমন্ত্রী সরাসরি ভিডিও কলে হাসপাতালের হাজিরা খাতা দেখতে চান। খাতায় কারা স্বাক্ষর করেছেন এবং কর্মস্থলে কারা উপস্থিত আছেন, তা তিনি খুঁটিয়ে দেখেন। চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত হওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা করেন তিনি।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনায় দেশের প্রতিটি নাগরিকের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ চলছে। তিনি চিকিৎসকদের দায়িত্বশীলতা ও সেবামূলক মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান এবং জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।
এর আগে সোমবার একইভাবে সিলেটের জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ভিডিও কলে তদারকি করেন প্রতিমন্ত্রী। সেখানে কর্মরত চারজন চিকিৎসকের মধ্যে একজনকে অনুপস্থিত পেয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।
ভিডিও কলে জরুরি বিভাগের নার্স ও রোগীদের সঙ্গেও কথা বলেন তিনি। দুর্গম এলাকায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের ভূমিকার প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, তাঁদের ওপরই অনেক মানুষের চিকিৎসাসেবার ভরসা নির্ভর করে।
ঈদের ছুটির সময়েও তৃণমূল পর্যায়ে চিকিৎসাসেবা সচল আছে কি না, তা নিশ্চিত করতে এ ধরনের ঝটিকা তদারকি অব্যাহত থাকবে বলে জানান তিনি। পাশাপাশি দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ চালুর পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন।
- বিষয় :
- হাসপাতাল
- সিলেট
- স্বাস্থ্য মন্ত্রণালয়
