ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আফজাল নাছেরকে আরও তিন মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে

শেখ মামুন খালেদ দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ডে

আফজাল নাছেরকে আরও তিন মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে
×

আফজাল নাছের

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬ | ০৮:৪১ | আপডেট: ০১ এপ্রিল ২০২৬ | ০৯:০৫

| প্রিন্ট সংস্করণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুরের দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার বরখাস্ত লেফটেন্যান্ট কর্নেল আফজাল নাছেরের বিরুদ্ধে ওই সময়ের আরও তিনটি মামলা রয়েছে। সে সব মামলার অভিযোগের বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল মঙ্গলবার দ্বিতীয় দফায় ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

এ ছাড়া অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকেও দ্বিতীয় দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এক-এগারোর সেনাসমর্থিত সরকারের সময়ের আলোচিত এই তিন কর্মকর্তাকে সম্প্রতি আলাদা অভিযানে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম সমকালকে বলেন, গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় করা চারটি মামলায় সাবেক সেনা কর্মকর্তা আফজাল নাছের অভিযুক্ত। মামলার অভিযোগের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপর দুজনকেও জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে।

এর আগে রোববার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ডিবি। পরে সোমবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী অভিযোগ করেন, এক-এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নির্যাতনকারী দলটিতে ছিলেন আফজাল নাছের। তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিতেও বাধা দিয়েছেন।

এদিকে দেলোয়ার হোসেন হত্যা মামলার প্রাথমিক তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়।  

মামুন খালেদ আবারও রিমান্ডে
মিরপুরের ফল ব্যবসায়ী দেলোয়ার হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার ডিজিএফআইর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাঁর ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

এই মামলায় গত ২৬ মার্চ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন অপর একটি আদালত। সেই রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনের এসআই কফিল উদ্দিন। রিমান্ড আবেদনের পক্ষে ঢাকা মহানগর পিপি ওমর ফারুক ফারুকী শুনানি করেন। এর আগে ২৫ মার্চ রাতে মিরপুর ডিওএইচএস এলাকার বাসা থেকে শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি।
এদিকে মানব পাচার আইনে রাজধানীর পল্টন থানায় করা মামলায় গ্রেপ্তার সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীও দ্বিতীয় দফা রিমান্ডে রয়েছেন। 

আরও পড়ুন

×