ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগ
অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ২২:৩৭
বিচার বিভাগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয়। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার বিচারকদের শোকজের চিঠি দেওয়া হয়েছে।
শোকজের চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য ও উসকানি দেওয়ার মাধ্যমে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত সূত্রোক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা অমান্য করেছেন, যা অসদাচরণ হিসেবে গণ্য।’
‘এছাড়া, আপনি উক্তরূপ কার্যকলাপের দ্বারা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ২ (চ) (২) এ উল্লিখিত চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর কার্যে লিপ্ত হয়েছেন, যা অসদাচরণের সামিল।’
‘এমতাবস্থায়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭ এর বিধি ৩ (২) অনুযায়ী বর্ণিত অভিযোগের বিষয়ে পত্র প্রাপ্তির ৭ (সাত) কার্যদিবসের মধ্যে আপনাকে লিখিত ব্যাখ্যা দাখিল করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’
- বিষয় :
- আইন মন্ত্রণালয়
- ফেসবুক পোস্ট
- শোকজ
