আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন
ওয়াকার-উজ-জামান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬ | ০৯:৩২
| প্রিন্ট সংস্করণ
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আর্মি স্টেডিয়াম-সংলগ্ন এলাকায় আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘সবার জন্য ক্রীড়া’ এই অন্তর্ভুক্তিমূলক ও সুদূরপ্রসারী পরিকল্পনাকে সামনে রেখে দেশের ক্রীড়া উন্নয়নে কার্যকর অবদান রাখার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় একটি আধুনিক ও সমন্বিত ক্রীড়া অবকাঠামো হিসেবে আর্মি স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান হয়।
প্রস্তাবিত এই কমপ্লেক্সে আন্তর্জাতিক মানের দুটি ইনডোর স্টেডিয়াম, একটি স্পোর্টস একাডেমি এবং জিমনেসিয়ামসহ উন্নত স্পোর্টস সায়েন্স সুবিধা থাকবে। এতে ফিজিওলজি, বায়োমেকানিক্স, নিউট্রিশন ও স্পোর্টস মেডিসিন-সংক্রান্ত বিশেষায়িত বিভাগ স্থাপন করা হবে। ফলে বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা আধুনিক প্রশিক্ষণ ও গবেষণাভিত্তিক সুবিধা গ্রহণের সুযোগ পাবে। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নির্মিতব্য এ ধরনের আধুনিক ক্রীড়া অবকাঠামো দেশের ক্রীড়া ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
- বিষয় :
- ওয়াকার-উজ-জামান
