ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ভর্তি জটিলতায় বছরে অপচয় হচ্ছে ৪০ লাখ বছর: শিক্ষামন্ত্রী

ভর্তি জটিলতায় বছরে অপচয় হচ্ছে ৪০ লাখ বছর: শিক্ষামন্ত্রী
×

ড. আ ন ম এহছানুল হক মিলন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ২০:৩১

ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রিতা-সমন্বয়হীনতার কারণে দেশের শিক্ষার্থীদের এক বছরে সম্মিলিতভাবে প্রায় ৪০ লাখ বছর সময় অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। 

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ বিপুলসংখ্যক শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়ার জটিলতায় দীর্ঘ সময় আটকে থাকছে, যা দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই পরিস্থিতি কাটাতে অতি দ্রুত একটি সমন্বিত ভর্তি ব্যবস্থা চালুর উদ্যোগ নিতে হবে। 

আজ ‎রোববার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে বিশ্ব মেধাস্বত্ব দিবস উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

উচ্চশিক্ষার মানোন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, শুধু সিলেবাস শেষ করলেই হবে না কীভাবে শিক্ষাব্যবস্থাকে উন্নত করা যায়, সেই ভাবনা সবার মধ্যে থাকতে হবে। 

বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এসব প্রতিষ্ঠান শিক্ষার মান উন্নয়নের কেন্দ্র হবে নাকি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হবে এ বিষয়ে স্পষ্ট দিকনির্দেশনা প্রয়োজন। আমরা কি সত্যিকার অর্থে শিক্ষিত মানবসম্পদ তৈরি করছি, নাকি শুধু ডিগ্রি দিচ্ছি এই প্রশ্ন আমাদের সামনে রয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে ‘বেকারত্বের কারখানা’ বানানো যাবে না। এর পরিবর্তে সেগুলোকে কর্মসংস্থানমুখী ও গবেষণাভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে হবে। 

‎প্রশ্নফাঁস-সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করে ‎এহছানুল হক মিলন বলেন, যাচাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি। বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে গুজব ছড়ানো হলেও তা যাচাই না করে প্রচার করলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হতে পারে। ফেসবুকে ইনস্ট্যান্ট কফির মতো ইনস্ট্যান্ট গুজব বেরোচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। এ সময় ইউজিসির অন্যান্য সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আইকিউএসি সেলের পরিচালক, শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×