স্কুল ফিডিংয়ে শিক্ষার্থী অসুস্থ হওয়ার বিষয়ে যা জানাল শিক্ষা মন্ত্রণালয়
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬ | ২৩:২২
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত ও পড়ালেখায় আগ্রহ বাড়াতে চালু করা স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়মের অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, নিম্নমানের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার সংবাদ গুরুত্ব সহকারে আমলে নেওয়া হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবার খেয়ে কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ইতোমধ্যে মাদারীপুরে জেলা প্রশাসকের উদ্যোগে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীদের সঙ্গে চুক্তি বাতিল কেন করা হবে না—এ মর্মে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ।
এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি তদন্ত কমিটি গঠনের জন্য জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছেন। জেলার প্রাথমিক শিক্ষা অফিসার ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন এবং সংশ্লিষ্ট খাদ্য সরবরাহকারীর বিরুদ্ধেও শোকজ নোটিশ দেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের সংশ্লিষ্ট কর্মকর্তারা নিরাপদ খাদ্য আইনের আওতায় দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না বলেও স্পষ্টভাবে উল্লেখ করেছে মন্ত্রণালয়।
- বিষয় :
- শিক্ষা মন্ত্রণালয়
- সংবাদ বিজ্ঞপ্তি
