‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’ শুরু, অংশ নিয়েছেন দেশ-বিদেশের ৫৪৭ গণমাধ্যমকর্মী
ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১২:৪০ | আপডেট: ০৮ মে ২০২৬ | ১২:৫৫
রাজধানী ঢাকায় প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’। শুক্রবার সকালে রাজধানীর র্যাডিশন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, পর্তুগালসহ ১০টি দেশের মোট ৫৪৭ জন সাংবাদিক, গণমাধ্যম বিশেষজ্ঞ ও গবেষক অংশ নিয়েছেন।
মিডিয়া রিসার্চ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভের (এমআরডিআই) ২৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত এ সম্মেলনে ১২টি সেশনে দেশি-বিদেশি ২০ জন বিশেষজ্ঞ অনুসন্ধানী সাংবাদিকতা, গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা, নিরাপত্তা ও পেশাগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুশান ভাইজ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস, গ্লোবাল ইনভেস্টিগেটিভ জার্নালিজম নেটওয়ার্কের নির্বাহী পরিচালক এমিলিয়া ডিয়াজ-স্ট্রাক এবং এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান।
বক্তারা বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রায় স্বাধীন ও জবাবদিহিমূলক গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা, তথ্যপ্রাপ্তির অধিকার, সুশাসন ও পেশাগত উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এমআরডিআই’র নির্বাহী পরিচালক হাসিবুর রহমান জানান, সম্মেলনের বিভিন্ন সেশনে ডিজিটাল সংবাদকক্ষের রূপান্তর, অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, তথ্যের ব্যবহার, লিঙ্গসমতা, অন্তর্ভুক্তি, সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক সমাজের সঙ্গে গণমাধ্যমের অংশীদারত্ব নিয়ে আলোচনা হবে।
সম্মেলনে ৬১ জন সাংবাদিক ফেলোশিপ অর্জন করেছেন। তারা তাদের অনুসন্ধানী সংবাদের ধারণা ও গবেষণাকর্মও উপস্থাপন করবেন।
এছাড়া অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য অধিকার, তথ্য যাচাই ও মানসিক স্বাস্থ্য সহায়তা বিষয়ে চারটি বিশেষ সহায়তা ডেস্ক স্থাপন করা হয়েছে। শনিবার সম্মেলনের সমাপনী অনুষ্ঠিত হবে।
- বিষয় :
- গণমাধ্যম
- গণমাধ্যম সম্মিলন
- মিডিয়া
- গণমাধ্যমকর্মী
