গণমাধ্যম সংস্কারে বড় সুযোগ তৈরি হয়েছে: ইউনেস্কো প্রতিনিধি
বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স
সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৬ | ১৮:৪২ | আপডেট: ০৮ মে ২০২৬ | ১৯:২১
বাংলাদেশে নিযুক্ত ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ বলেছেন, দেশের গণমাধ্যম খাত বর্তমানে একদিকে সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, অন্যদিকে এটি পরিবর্তনের বড় সুযোগও তৈরি করেছে। এই সময়কে কাজে লাগিয়ে গণমাধ্যমের কাঙ্ক্ষিত সংস্কার ও ইতিবাচক পরিবর্তনের বিষয়ে গভীর আলোচনা প্রয়োজন। শুক্রবার সকালে রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে দুদিনব্যাপী ‘বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বর্তমান সময়কে গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করে ইউনেস্কোর প্রতিনিধি বলেন, বাংলাদেশ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি, সেগুলো এখন স্পষ্ট। তবে একই সঙ্গে এটি পরিবর্তনের সুযোগে ভরা একটি সময়ও বটে।
তিনি বলেন, এই দুই দিনের সম্মেলন হওয়া উচিত সেই মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার ক্ষেত্র, যেসব পরিবর্তন দেশের গণমাধ্যমে প্রয়োজন এবং যেগুলোর নেতৃত্ব সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদেরই দিতে হবে।
সুসান ভাইজ বলেন, গত দুই বছরে গণমাধ্যম নিয়ে বিভিন্ন বিশ্লেষণ, গবেষণা ও সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে। মিডিয়া রিফর্ম কমিশন গঠিত হয়েছে। এমআরডিআই, ইউএনডিপি ও ইউনেস্কো বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে। ফলে এখন তথ্য ও বিশ্লেষণের ঘাটতি নেই।
তার ভাষায়, আমরা অনেক আলোচনা করেছি, অনেক প্রশিক্ষণ হয়েছে। এখন সময় এসেছে সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত সমাধানের দিকে এগিয়ে যাওয়ার।
তিনি আরও বলেন, বর্তমান সরকার আলোচনার জন্য উন্মুক্ত থাকার যে ইঙ্গিত দিয়েছে, তা পরিবর্তন আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। সংবাদপত্রের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশের অতীত রেকর্ড খুব ভালো না হলেও ভবিষ্যতের জন্য বর্তমান সময়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ইউনেস্কোর প্রতিনিধি।
গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি আশা প্রকাশ করেন, ইতিবাচক পরিবর্তন, ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলার উদ্যোগ এবং বৈচিত্র্যময় গণমাধ্যম ইকোসিস্টেম গড়ে তোলার মাধ্যমে দেশের সামগ্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে।
তিনি বলেন, এর ফলে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কণ্ঠ, মতামত ও স্বার্থ দেশের ভবিষ্যৎ নিয়ে চলমান সংলাপের অংশ হতে পারবে। সম্মেলনের সফলতা কামনা করে সুজান ভাইজ বলেন, আলোচনাগুলোর জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
সম্মেলনের আয়োজক প্রতিষ্ঠান এমআরডিআইকে ধন্যবাদ জানিয়ে সুসান ভাইজ বলেন, গত বছর এমন একটি গুরুত্বপূর্ণ ব্রেইনস্টর্মিং আয়োজনের উদ্যোগ নেওয়া ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে তিনি এমআরডিআই-এর ২৫ বছর পূর্তিতে অভিনন্দন জানান। তিনি বলেন, বাংলাদেশের গণমাধ্যমের প্রেক্ষাপটে ২৫ বছর সত্যিই দীর্ঘ সময়। আর এত বছর আগে দূরদর্শিতার সঙ্গে এমআরডিআই-এর মতো একটি প্রতিষ্ঠান গড়ে তোলার চিন্তা দেশের গণমাধ্যমের জন্য অত্যন্ত উপকারী হয়েছে।
এমআরডিআইয়ের ২৫ বছরপূর্তি উপলক্ষে ৮ ও ৯ মে দুদিনব্যাপী এ কনফারেন্স আয়োজন করা হয়েছে। এতে ৫৪৭ জন সাংবাদিক অংশ নিয়েছেন। বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পর্তুগালসহ ১০ দেশের সাংবাদিক ও বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।
সম্মেলনে ১২টির বেশি সেশনে ২০ জন দেশি-বিদেশি আলোচক আলোচনা করবেন। সম্মেলনে ৬১ জন সাংবাদিক ফেলোশিপ অর্জন করেছেন। তারা তাদের সংবাদের ধারণাগুলোও সম্মেলনে তুলে ধরবেন।
- বিষয় :
- গণমাধ্যমকর্মী
- গণমাধ্যম
- গণমাধ্যম সম্মিলন
- মিডিয়া
