ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন, তদন্তের নির্দেশ হাইকোর্টের 

হামের টিকার পরিবর্তে জলাতঙ্কের ভ্যাকসিন, তদন্তের নির্দেশ হাইকোর্টের 
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ১৯:৪০

টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকার পরিবর্তে শিশুকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। পাশাপাশি সরকারকে অনতিবিলম্বে শিশুর যথাযথ চিকিৎসা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন। 

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন রিটকারীদের আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। তিনি বলেন, রুলে ওই শিশুর পরিবারকে কেন ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে এ রিট দায়ের করা হয়।

দৈনিক সমকালসহ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরে বলা হয়, টাঙ্গাইলের ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে হামের টিকার পরিবর্তে এক মাস বয়সী শিশুকে দেওয়া হয়েছে জলাতঙ্কের (কুকুর) ভ্যাকসিন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম ওই শিশুকে এই ভ্যাকসিন প্রদান করেন। এই ঘটনায় ক্ষুব্ধ রোগীর পরিবার ভুল চিকিৎসার জন্য বিচার দাবি করেছেন।

ঘটনা জানাজানির পর হাসপাতালে শিশু রোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে স্থানীয়রা। কর্তৃপক্ষ বলছে, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় উপজেলার ছাব্বিশা গ্রামের মৌ খাতুন বুধবার দুপুরে তার এক মাস ৫ দিন বয়সী শিশু ফাতিহাকে হামের টিকা দেওয়ার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের টিকা কেন্দ্রে নিয়ে যান। এ সময় সেখানে দায়িত্বে থাকা স্বাস্থ্য পরিদর্শক মোহাম্মদ কাইয়ুম হামের টিকার পরিবর্তে ওই শিশুকে দুই ডোজ জলাতঙ্কের র্যা বিক্স ভ্যাকসিন প্রদান করেন। এর কিছুক্ষণ পর শিশুর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় ঘটনাটি প্রকাশ পেলে স্বজনরা এর প্রতিবাদ করেন।

আরও পড়ুন

×