ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আবদুল হাই, সদস্য সচিব জুবায়ের বাবু

টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক আবদুল হাই, সদস্য সচিব জুবায়ের বাবু
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ মে ২০২৬ | ২০:৩২ | আপডেট: ১৪ মে ২০২৬ | ২০:৩৩

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর সম্পাদক ও সংবাদ প্রধানদের নিয়ে গঠিত হয়েছে নতুন সংগঠন টেলিভিশন এডিটরস কাউন্সিল। সংবাদমাধ্যমের পেশাদারিত্ব উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় টেলিভিশন সংবাদমাধ্যমের সম্পাদকীয় পর্যায়ের শীর্ষস্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নতুন এই কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান ড. আবদুল হাই সিদ্দিক। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সময় টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জুবায়ের আহমেদ বাবু।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- ডিবিসি নিউজ সম্পাদক লোটন একরাম, একাত্তর টিভি বার্তা প্রধান ও সিওও শফিক আহমেদ, বৈশাখী টিভি বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইনডিপেনডেন্ট টেলিভিশন প্রধান বার্তা সম্পাদক মোস্তফা আকমল, চ্যানেল নাইন নির্বাহী সম্পাদক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, গাজী টিভি বার্তা প্রধান গাউসুল আজম বিপু, দেশ টিভি বার্তা প্রধান ও নির্বাহী পরিচালক মহি উদ্দিন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, টেলিভিশন সাংবাদিকতার মানোন্নয়ন এবং এই শিল্পে কর্মরতদের স্বার্থ রক্ষায় নবগঠিত এই কাউন্সিল সক্রিয় ভূমিকা পালন করবে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, পেশাগত প্রশিক্ষণ, গবেষণা ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি ভুয়া এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। আহ্বায়ক কমিটি দ্রুতই সংগঠনের পূর্ণাঙ্গ কার্যক্রম, সদস্যপদ ও পরবর্তী কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে। রাজধানীর বনানীতে সংগঠনটির অস্থায়ী কার্যালয় নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন

×