ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পশুর গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া নিয়ে নজরদারি চলছে: র‍্যাব মহাপরিচালক

পশুর গাড়ি জোর করে নির্দিষ্ট হাটে নেওয়া নিয়ে নজরদারি চলছে: র‍্যাব মহাপরিচালক
×

গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে নিরাপত্তাব্যবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন র‌্যাব মহাপরিচালক। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৪:৩১ | আপডেট: ২৪ মে ২০২৬ | ১৪:৫৭

কোরবানির পশুর গাড়ি নির্দিষ্ট হাটে নিতে যেন বাধ্য করা না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ। তিনি বলেন, পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজ রোববার দুপুরে ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে নিরাপত্তা-ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিজেদের কার্যক্রম তুলে ধরেন র‍্যাব মহাপরিচালক। তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে কেন্দ্র করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে র‍্যাব। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকার হাটে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি পশুর হাটগুলোয় কন্ট্রোলরুম স্থাপন করেছে।

র‌্যাব প্রধান বলেন, নিরাপদে গবাদিপশুর হাটসমূহে নিয়ে যাওয়া নিশ্চিত করতে র‌্যাবের সব ব্যাটালিয়নসমূহ তাদের নিজস্ব দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোলিং পরিচালনা করছে। এছাড়াও ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ এলাকাসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলকভাবে কমে যাওয়ায় পশু ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকি বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের নিরাপত্তা চৌকির সংখ্যা ও টহলসংখ্যা বৃদ্ধি করা হয়েছে।

আহসান হাবীব পলাশ আরও বলেন, কোরবানির পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও জাল টাকা প্রতিরোধ ও শনাক্তে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখাসহ জাল টাকা উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×