ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

শৈলকুপায় স্বর্ণের ব্যবসার আড়ালে ইয়াবা কারবার, আটক ১

শৈলকুপায় স্বর্ণের ব্যবসার আড়ালে ইয়াবা কারবার, আটক ১
×

আটক সঞ্জিত কর্মকার

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৮:১৭

ঝিনাইদহের শৈলকুপায় স্বর্ণের ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে সঞ্জিত কর্মকার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর দোকান থেকে ১৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

রোববার রাত ৯টার দিকে শৈলকুপা বাজারের সরকার মার্কেটে অবস্থিত সোনার তরী জুয়েলার্সে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সঞ্জিত কর্মকার পৌর এলাকার কবিরপুর গ্রামের মৃত সমর কর্মকারের ছেলে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্যা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সোনার গহনা তৈরির আড়ালে ওই দোকানে মাদক বিক্রি করা হচ্ছে। পরে পুলিশ সদস্যরা ক্রেতা সেজে সঞ্জিত কর্মকারের কাছ থেকে সাত পিস ইয়াবা কেনেন। ইয়াবা সরবরাহের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।

আটকের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শৈলকুপা বাজার জুয়েলার্স সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় সোনা-রুপার গহনা রাখার প্যাকেটের ভেতর থেকে ১৫৬ পিস ইয়াবা এবং নগদ এক হাজার ৭৯০ টাকা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সঞ্জিত কর্মকার দীর্ঘদিন ধরে এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

শৈলকুপা বাজার জুয়েলার্স সমিতির সভাপতি শিশির কুমার বিশ্বাস বলেন, পুলিশের অভিযানে ১৪৩ পিস ইয়াবাসহ স্বর্ণ ব্যবসায়ী সঞ্জিত কর্মকারকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

×