স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী গ্রেপ্তার বিমানবন্দরে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৮:২৪
| প্রিন্ট সংস্করণ
ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিরাজুল ইসলাম রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগের রাতে ঘর থেকে তাঁর স্ত্রী আরিফা আক্তার সম্পার (৩২) ঝুলন্ত
মরদেহ উদ্ধার করা হয়। সম্পার বাবার অভিযোগ, রাসেল তাঁর মেয়েকে হত্যা করে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আহমদনগর এলাকার বাসিন্দা মিরাজুল ইসলাম রাসেল সিঙ্গাপুর প্রবাসী। ২০ দিন আগে তিনি ছুটিতে দেশে আসেন। গত শনিবার রাতে তাঁর স্ত্রী সম্পার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তাঁর স্বজনরা রাসেলের বিরুদ্ধে তাঁকে হত্যার অভিযোগ তুলেছেন। তারা জানান, সম্পার জানাজা না পড়েই গত রোববার দুপুরে সিঙ্গাপুর পাড়ি দেওয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান রাসেল। এতে কালিয়াকৈর থানা থেকে বার্তা দেওয়া হলে বিমানবন্দর থানার পুলিশ রাসেলকে আটক করে। পরে তাঁকে কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়।
এদিকে স্থানীয়রা জানান, গত শনিবার রাতে বাসায় ফিরতে দেরি করছিলেন রাসেল। এতে সম্পা তাঁকে ভিডিও কল দিয়ে দ্রুত বাসায় না এলে আত্মহত্যার হুমকি দেন। কিছুক্ষণ পরে তিনি বাসায় ফিরে স্ত্রীকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত দেখতে পান। দ্রুত তাঁকে নামিয়ে জিরানী বাজার এলাকার ঢাকা কেপিজে বিশেষায়িত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সম্পাকে মৃত ঘোষণা করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ কাশিমপুর থানা পুলিশকে খবর দিলে তারা মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
আরিফা আক্তার সম্পার বাবা ওয়াহিদুজ্জামান বলেন, রাসেল আমাদের মেয়েকে হত্যা করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। গত কয়েকদিন ধরেই আমার মেয়ের সঙ্গে সে ঝগড়া লাগিয়েই রাখত।
কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, নিহত সম্পার বাবা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এতে সম্পার স্বামী মিরাজুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে না পেলে মৃত্যুর কারণ হত্যা না আত্মহত্যা তা ঠিক করে বলা যাচ্ছে না।
- বিষয় :
- লাশ উদ্ধার