বিশ্বকাপ ফুটবলের ফাইনাল
নোয়াখালীতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, অভিমানে যুবকের ‘আত্মহত্যা’
আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের গলায় ফাঁস
প্রতীকী ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৮:৩৫ | আপডেট: ২১ জুলাই ২০২৬ | ০৮:৫৮
| প্রিন্ট সংস্করণ
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারায় এক সমর্থক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ দেখে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল সোমবার ভোরে উপজেলার কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। রায়হান ওই বাড়ির কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে। সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. হযরত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রায়হান সৌদি আরব থেকে প্রায় এক বছর আগে দেশে ফেরেন। পাঁচ-ছয় মাস আগে তিনি বিয়ে করেন। গত রোববার রাতে কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যান। বাইরে খেলা দেখা ও দেরিতে বাড়ি ফেরা নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া হয়। সকালে স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যান। এ সময় রায়হান স্ত্রীকে আত্মহত্যার হুমকি দেন। স্ত্রী কিছু দূর গিয়ে স্বামীর বাড়ি ফিরে দেখেন রায়হান ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। খবর পেয়ে দুপুরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ায় সমর্থকের ‘আত্মহত্যা’
বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ায় কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় সুমন হোসেন (৩০) নামে এক সমর্থক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ১৬ দাগ চাষি ক্লাব এলাকার মো. আফজাল হোসেনের ছেলে। গতকাল সোমবার ভোরে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ভ্যানচালক সুমন হোসেন আর্জেন্টিনার সমর্থক। প্রিয় দল ফাইনালে ওঠায় তিনি রোববার রাতে বন্ধুদের নিয়ে খাওয়ার আয়োজন করেন। পরে বন্ধুদের সঙ্গে খেলা দেখতে যান। খেলা শেষে বাড়ি ফিরে শুয়ে মোবাইল দেখছিলেন। এ সময় তাঁর স্ত্রী তাঁকে ঘুমাতে বলে পাশে শুয়ে তিনি ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর স্ত্রী জেগে ঘরের বাঁশের আড়ার সঙ্গে দড়ি দিয়ে সুমনকে ঝুলতে দেখেন। তাঁর চিৎকারে পরিবারের সদস্যরা গিয়ে প্রতিবেশীদের সহায়তায় রশি কেটে সুমনকে নামিয়ে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন শুনেছি, সুমন আর্জেন্টিনার বড় ভক্ত ছিলেন। এ জন্য রাতে খাওয়ার আয়োজনও করেছিলেন। হয়তো হতাশা থেকেই আত্মহত্যা করেছেন। অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত
আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ দেখে বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই যুবক। গতকাল সোমবার সকালে শার্শার রুদ্রপুর-গোগা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মৃদুল হাসান নাহিদ (২৫) ও জমাত আলীর ছেলে সোহাগ হোসেন উষা (২৭)। স্থানীয় লোকজন জানান, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার খেলা দেখে ভোরে নাহিদ, উষা ও রুবেল একটি মোটরসাইকেলে রুদ্রপুর বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে সংঘর্ষে নাহিদ ও উষা প্রাণ হারান।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল ইসলাম জানান, তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল শার্শার রুদ্রপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। খবর পেয়ে শার্শা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।