যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ
হামলা-পাল্টা হামলা চলছে, হরমুজ প্রণালিও বন্ধ
প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে আইআরজিসি
হরমুজ প্রণালি দিয়ে যান চলাচল আপাতত বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ০৮:৪৭ | আপডেট: ২১ জুলাই ২০২৬ | ০৯:২৫
| প্রিন্ট সংস্করণ
যুক্তরাষ্ট্রকে ইরানে স্থল অভিযান চালানো নিয়ে সতর্ক করেছে দেশটির রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এই বাহিনীর স্থলবাহিনীর ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রুহুল্লাহ নুরি জানিয়েছেন, তারা মার্কিন স্থল অভিযান তাৎক্ষণিক ঠেকিয়ে দিতে প্রস্তুত। তাদের নিজস্ব স্থল বাহিনী সর্বাধুনিক রসদসহ প্রতিনিয়ত প্রশিক্ষণ নিচ্ছে এবং নিজ সক্ষমতা বৃদ্ধি করছে।
যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত এখনও থামেনি। গতকাল সোমবার মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন অবকাঠামো লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইরান। মূলত তারা এর মধ্য দিয়ে আগের রাতের মার্কিন হামলার জবাব দিয়েছে। এদিকে যুদ্ধের ডামাডোলে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাড়তে শুরু করেছে জ্বালানির দাম। খোদ যুক্তরাষ্ট্রে বেড়ে যাচ্ছে গ্যাসের দাম।
বাহরাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল সোমবার জানায়, ইরান তাদের রাজ্যের বেসরকারি বিমান চলাচল ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে পরিষেবা ও আকাশপথে চলাচল স্বাভাবিক।
সমঝোতায় ‘ইরানের স্বার্থ অক্ষুণ্ন’
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে এর আগে যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়েছিল, সেটিতে দেশের জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রয়েছে। ১৪ দফার কোনোটিতেই অধিকার, নীতি, রাষ্ট্রীয় স্বার্থ, বিপ্লবী মূল্যবোধ ও বিশ্বাস থেকে পিছু হটেনি কেউ।
তিনি আরও উল্লেখ করেন, ওই সমঝোতা স্মারক ইরানের জন্যই বেশি লাভজনক হয়েছে। প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক বিশ্লেষণে জানায়, ইরানের অভ্যন্তরে কট্টরপন্থিদের চাপের মুখে রয়েছেন সমঝোতা স্মারকে স্বাক্ষরকারীরা। তারা প্রকাশ্যেই নেতৃস্থানীয়দের নানা হুমকি দিচ্ছেন। এর জেরে বিভিন্ন পদ থেকে কট্টরপন্থিদের সরিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে।
তবে সমঝোতা স্মারকের শর্ত আপাতত মানছে না কোনো পক্ষই। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলা চলছে এবং হরমুজও বন্ধ হয়ে গেছে।
পরমাণু কেন্দ্রে হামলার নিন্দা জানাতে আইএইএকে চাপ
এদিকে, দারখোভিন পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় নিন্দা জানানোর দাবিতে আন্তর্জাতিক আণবিক জ্বালানি সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘায়ি গতকাল তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আইএইএর বোর্ড অব গভর্নর এবং মহাপরিচালকরা যুক্তরাষ্ট্রের অপরাধের নিন্দা জানানোর বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করবেন– এমনটাই প্রত্যাশা করছে ইরান।’
তিনি আরও উল্লেখ করেন, জাতিসংঘের পরমাণু নজরদারি বিষয়ক সংস্থাটি এর আগে পারমাণবিক ইস্যুতে রাজনৈতিক বিবৃতি দিয়েছিল। বাঘায়ি এই আক্রমণের নিন্দা জানিয়ে বলেন, দারখোভিন সাইটটি শান্তিপূর্ণ লক্ষ্যে ব্যবহৃত হয়েছিল।
বাড়ছে তেল ও গ্যাসের দাম
হরমুজ প্রণালি দিয়ে যান চলাচল আপাতত বন্ধ। এর জেরে এরই মধ্যে ব্যারেলপ্রতি তেলের দাম ৯০ ডলারের ওপরে উঠে গেছে। অন্যদিকে গ্যাসের দাম বাড়ছে যুক্তরাষ্ট্রে। এটি নিয়ে অসন্তুষ্ট স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। কারণ আসন্ন মধ্যবর্তী নির্বাচনে এটি তাঁর ওপর চাপ তৈরি করবে। এ ছাড়াও নতুন করে তিন মার্কিন সেনার প্রাণ হারানোর বিষয় নিয়েও নেতিবাচক প্রভাবের মুখে পড়তে হবে তাঁকে।
যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম গতকাল সোমবার গ্যালনপ্রতি চার ডলারে গিয়ে ঠেকেছে। এক বছর আগেও দেশটিতে গ্যালনপ্রতি তেলের দাম ছিল তিন ডলার ১৪ সেন্টের ঘরে।
এর আগে সমঝোতা স্মারকে স্বাক্ষরের পর যুক্তরাষ্ট্রে কিছুটা কমেছিল তেল ও গ্যাসের দাম। তবে সে সময় মার্কিন প্রেসিডেন্ট অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন– তেলের দামের মতো দ্রুত গ্যাসের দাম কমছে না।
নাগরিকদের মধ্যপ্রাচ্য ছাড়তে বলল দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার নাগরিকরা যারা স্বল্প মেয়াদে মধ্যপ্রাচ্য সফর করছেন, তাদেরকে ওই অঞ্চল তাৎক্ষণিক ছাড়ার পরামর্শ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
দক্ষিণ কোরিয়ার সেকেন্ড ভাইস ফরেন মিনিস্টার কিম জিনা জানান, মধ্যপ্রাচ্যের বেশির ভাগ দেশ গত মার্চ থেকে লেভেল ৩ ভ্রমণ সতর্কতার মধ্যে রয়েছে। ফলে প্রয়োজন ছাড়া সফরকারীদের ওই অঞ্চলের দেশগুলো থেকে চলে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। গুরুত্বপূর্ণ কারণ না থাকলে স্বল্পমেয়াদি সফরকারীদের তাৎক্ষণিক নিজ দেশে ফেরত যেতে বলা হয়।
- বিষয় :
- ইরান যুদ্ধ
- যুক্তরাষ্ট্র
- ইরান