ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কোরবানির পশুর হাটে নগদ লেনদেন পরিহারের অনুরোধ র‍্যাব মহাপরিচালকের

কোরবানির পশুর হাটে নগদ লেনদেন পরিহারের অনুরোধ র‍্যাব মহাপরিচালকের
×

গাবতলী পশুর হাট পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৪ মে ২০২৬ | ১৫:০০ | আপডেট: ২৪ মে ২০২৬ | ১৫:০৫

কোরবানির পশুর হাটে নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধের অনুরোধ জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক আহসান হাবীব পলাশ। তিনি বলেন, পশুর হাটে ক্রেতাদের ভোগান্তি রোধে কন্ট্রোলরুম ও ওয়াচ টাওয়ারের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হয়েছে। পাশাপাশি নগদ লেনদেন পরিহার করে ক্যাশলেস বা কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধে উৎসাহিত করা হচ্ছে। 

রোববার দুপুর ১২টার দিকে রাজধানীর গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে র‍্যাবের মহাপরিচালক সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে তিনি গাবতলী বাস কাউন্টার পরিদর্শন করেন। পশুর হাটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের কার্যক্রম তুলে ধরে। 

তিনি বলেন, কোরবানির পশুর গাড়ি নির্দিষ্ট হাটে নিতে যেন বাধ্য করা না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে গুজব বা বিভ্রান্তিকর পোস্ট প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

র‍্যাব মহাপরিচালক বলেন, ঈদুল আজহা উপলক্ষে পশুর হাটকে কেন্দ্র করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে র‍্যাব। ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ এলাকার হাটে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পশুর হাটগুলোতে কন্ট্রোলরুমও স্থাপন করা হয়েছে। 

তিনি বলেন, ঈদে রাজধানীসহ বিভিন্ন শহরে জনসমাগম তুলনামূলক কমে গেলে ব্যবসায়ীদের কাছ থেকে পশু বিক্রির টাকা ছিনতাইয়ের মতো অপরাধের ঝুঁকি বৃদ্ধি পায়। এ পরিস্থিতি মোকাবিলায় র‍্যাবের নিরাপত্তাচৌকির সংখ্যা ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।
 

আরও পড়ুন

×