বাংলাদেশে এলএনজি সরবরাহে আগ্রহী আজারবাইজান
সমকাল ডেস্ক
প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে আজারবাইজান। দেশটির রাজধানী বাকুতে চলমান ‘বাকু এনার্জি উইক’ উপলক্ষে দুই দেশের জ্বালানিমন্ত্রীদের মধ্যে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই আগ্রহের কথা জানানো হয়।
আজারবাইজানের সংবাদমাধ্যম ক্যালিবার ডট এজেডের প্রতিবেদন অনুসারে বৈঠকে আজারবাইজান থেকে বাংলাদেশে এলএনজি ও অন্যান্য জ্বালানি পণ্য সরবরাহসহ দেশটির রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি সোকারের বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসার পরিধি বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
আজারবাইজানের জ্বালানিমন্ত্রী পারভিজ শাহবাজভ তাঁর ভেরিফায়েড এক্স হ্যান্ডলে এক পোস্টে এই দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। আজারবাইজান সফররত বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। বিশেষ করে, দীর্ঘমেয়াদি জ্বালানি অংশীদারিত্ব এবং এর বহুমুখীকরণের ওপর জোর দেওয়া হয়েছে। দুই দেশের মন্ত্রীই দ্বিপক্ষীয় জ্বালানি সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে একমত হয়েছেন।
- বিষয় :
- এলএনজি
