ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই: আইনমন্ত্রী

জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের বিকল্প নেই: আইনমন্ত্রী
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুন ২০২৬ | ২০:১৯

বাংলাদেশকে একটি স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এ দেশের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর সঙ্গে জিয়াউর রহমানের নাম ওতপ্রোতভাবে জড়িত। একাত্তরের মুক্তিযুদ্ধের সূচনালগ্নে জাতির সংকটময় সময়ে তিনি সাহসী ভূমিকা পালন করেন। পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনায় এসে বহুদলীয় গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন, স্থানীয় সরকারব্যবস্থা শক্তিশালীকরণ এবং বিচার বিভাগের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে কাজ করেন।

তিনি জিয়াউর রহমানকে ‘বাংলার রাখাল রাজা’ হিসেবে অভিহিত করে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান অনন্য।

মো. আসাদুজ্জামান বলেন, স্বাধীনতার পর দেশের রাজনৈতিক অস্থিরতার সময়ে জিয়াউর রহমান রাষ্ট্রকে স্থিতিশীলতার পথে নিয়ে আসেন। গণতন্ত্র ও সাংবিধানিক শাসনব্যবস্থা পুনরুদ্ধারে তার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, বিচার বিভাগে ‘চেক অ্যান্ড ব্যালেন্স’ প্রতিষ্ঠার ক্ষেত্রেও জিয়াউর রহমানের অবদান গুরুত্বপূর্ণ। তিনি পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় কাঠামোয় একটি কার্যকর ভারসাম্য প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন, যা বিচার ব্যবস্থার স্বাধীনতা ও কার্যকারিতার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ ভূমিকা রেখেছে।

খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ নেতৃত্ব দিয়েছেন। দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় তার ভূমিকা ইতিহাসের অংশ হয়ে আছে। 

আইনমন্ত্রী আরও বলেন, মুক্তিযুদ্ধ, নব্বইয়ের গণঅভ্যুত্থান এবং জুলাই গণঅভ্যুত্থানকে একই ধারার গণতান্ত্রিক সংগ্রামের অংশ হিসেবে মূল্যায়ন করা উচিত। কোনো আন্দোলন বা সংগ্রামের অবদানকে খাটো করার সুযোগ নেই। ইতিহাসকে সামগ্রিকভাবে মূল্যায়ন করতে হবে।

ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. আনোয়ার জাহিদ ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলসহ ঢাকা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

আরও পড়ুন

×