ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬

ধান কাটার কথা বলায় শ্রমিককে পিটিয়ে হত্যা

ধান কাটার কথা বলায় শ্রমিককে পিটিয়ে হত্যা
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

জয়পুরহাটের আক্কেলপুরে ধান কাটার কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরকে গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে (৩৫) ধরে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। 

এ ছাড়া গতকাল চট্টগ্রামের ফটিকছড়িতে 
হরিণ শিকারির গুলিতে কৃষকের মৃত্যু, বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের এবং ফেনীর দাগনভূঞায় এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 
আক্কেলপুরে নিহত শ্যামল চন্দ্র কাশিড়া শীলপাড়া গ্রামের বীরেন চন্দ্রের ছেলে। তিনি পেশায় দিনমজুর ও মাছ ব্যবসায়ী ছিলেন। আর আটক হাসান উপজেলার ঢেকুঞ্চা বাউস্ত গ্রামের বাসিন্দা। তাকে স্থানীয়রা নেশাগ্রস্ত ও ভবঘুরে প্রকৃতির মানুষ হিসেবে চেনে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বিকেল ৪টার দিকে কাশিড়া হাটে যাওয়ার পথে সেলিম মেম্বারের বাড়ির সামনে শ্যামলের সঙ্গে হাসান আলীর দেখা হয়। এ সময় শ্যামল তাঁর ভাইয়ের জমির ধান কাটার কথা বললে হাসান ক্ষিপ্ত হয়ে ওঠে এবং দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্যামল হাটের দিকে রওনা দিলে হাসান পেছন থেকে একটা গাছের ডাল দিয়ে তাঁর মাথায় আঘাত করে। এতে শ্যামল সড়কের ওপর লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
হাসপাতালে পুলিশের উপস্থিতিতে অভিযুক্ত হাসান আলী নিজের অপরাধ স্বীকার করে বলেন, ‘শ্যামল আমাকে ধান কাটতে বলেছিল। এই কারণে আমি গাছের ডাল দিয়ে তার মাথায় মেরেছি। পরে লোকজন আমাকে ধরে মারধর করেছে।’ 

হরিণ শিকারির বন্দুকের গুলিতে কৃষকের মৃত্যু 
চট্টগ্রামের ফটিকছড়িতে হরিণ শিকার করতে গিয়ে জমিল উদ্দিন (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে উপজেলার খিরাম ইউনিয়নের উত্তরের পাহাড়ে এই ঘটনা ঘটে। নিহত জমিল খিরাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত তোফায়েল আহমেদের ছেলে। 
স্থানীয়রা জানান, নিহত জমিল কয়েকজন সঙ্গীসহ পাহাড়ে হরিণ শিকারে গিয়েছিলেন। এ সময় অন্য এক শিকারির বন্দুক থেকে ‘মিস ফায়ার’ হয়ে গুলি তাঁর শরীরে লাগে। সঙ্গীরা তাঁকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বগুড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
বগুড়ায় একটি আবাসিক হোটেল থেকে বিপুল চন্দ্র পাল (৪৮) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শহরের চারমাথা এলাকার ‘সেঞ্চুরি মোটেল’ নামের হোটেলটির ৬১০ নম্বর কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়। 
বিপুল সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা এবং ওই ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত সদস্য ছিলেন। হোটেল কর্তৃপক্ষ জানায়, গত শুক্রবার রাতে তিনি কক্ষটি ভাড়া নেন। গতকাল শনিবার দুপুরে চেক আউটের সময় পার হলেও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়। 

দাগনভূঞায় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ফেনীর দাগনভূঞায় ইকবাল হোসেন নামে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ভোরে উপজেলার মাতুভূঞা ইউনিয়নের মমারিজপুর গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 
(প্রতিবেদনে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট ব্যুরো ও প্রতিনিধি)

আরও পড়ুন

×