প্রাথমিক বিদ্যালয়
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে থাকবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ২১:৫৫ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ২১:৫৯
২২ লাখেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন তার উপদেষ্টা মাহদী আমিন।
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক এই উপদেষ্টা বলেন, এই ২২ লাখের বেশি শিক্ষার্থী ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে শৃঙ্খলা, দলগত কাজ ও সৃজনশীলতার শিক্ষা অর্জন করছে। আমরা তাদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটাতে চাই। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জুন জাতীয় আর্মি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
সোমবার দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মূখপাত্র।
মাহদী আমিন বলেন, ‘প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে আমরা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করছি, যা বালক ও বালিকাদের জন্য পৃথকভাবে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রতিযোগিতা গত ৮ এপ্রিল থেকে শুরু হয়েছে। ইতোমধ্যে প্রায় দুই মাস অতিক্রান্ত হয়েছে। ১১ লাখের বেশি ছাত্রী এবং ১১ লাখের বেশি ছাত্র, অর্থাৎ মোট ২২ লক্ষেরও বেশি কোমলমতি শিক্ষার্থী এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। নিজ নিজ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে তারা ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে বর্তমানে জাতীয় পর্যায়ে পৌঁছেছে।’
কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে উদ্ভাবনী ও সৃজনশীল প্রতিযোগিতাগুলো গুরুত্বসহকারে প্রচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এতে আমাদের শিক্ষার্থীরা আরও বেশি অনুপ্রাণিত হবে। ঢাকায় অনুষ্ঠিত খেলাগুলোতে গিয়ে আমরা দেখেছি, সারা বাংলাদেশ থেকে উঠে আসা ছোট ছোট ছেলে-মেয়েরা গভীর আবেগ, আগ্রহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করছে। সুতরাং, তাদের এই প্রচেষ্টাকে আরও উৎসাহিত করার জন্য গণমাধ্যমের সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মাহদী আমিন বলেন, ‘প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থার পার্থক্য হলো প্রধানমন্ত্রী শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে চান, যেখানে আমরা সৃজনশীলতা, মেধা ও মননশীলতাকে মূল্যায়ন করতে পারি। পুথিগত শিক্ষা বা সার্টিফিকেটের পাশাপাশি কীভাবে খেলাধুলা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া যায়, সে বিষয়েও আমরা গুরুত্বারোপ করছি। আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে আমাদের আগামীর তরুণ প্রজন্ম সুদক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হবে এবং বাস্তব জীবনে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা কিংবা চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা ও যোগ্যতা অর্জন করবে।’
এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ধারাবাহিকভাবে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করা হয়েছে উল্লেখ করে মাহদী আমিন বলেন, এর মধ্যে কয়েকটি বাস্তবায়িত হয়েছে। বেশ কিছু চলমান রয়েছে এবং সামনের দিনগুলোতে আরও কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হবে।
উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে তিনটি অধিদপ্তর রয়েছে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর। এই তিনটি অধিদপ্তরের মাধ্যমে আমরা সৃজনশীল শিক্ষা ব্যবস্থার অংশ হিসেবে ক্রীড়া ও সংস্কৃতিকে শিক্ষার সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিয়েছি। এসব প্রতিযোগিতা শুধু ঢাকাকেন্দ্রিক নয়, বরং দেশের তৃণমূল পর্যায় থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে।’
মাহদী আমিন বলেন, ‘দ্বিতীয় যে উদ্যোগটি আমাদের রয়েছে, তা হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অধীনে দেশব্যাপী স্টার্ট-আপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং কর্মসূচি। এখানে দেশের প্রতিটি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণের সুযোগ পাবে। এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা কীভাবে ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন করবে, দলগতভাবে কাজ করবে এবং উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দেবে, সে বিষয়ে কাজ করবে। প্রতিটি দলে তিনজন শিক্ষার্থীর সঙ্গে দুজন শিক্ষক পরামর্শক হিসেবে থাকবেন।’
তিনি বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য হলো, স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিভিন্ন সমস্যার উদ্ভাবনী সমাধান বের করে আনা। যারা উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসবে এবং কার্যকর আইডিয়া উপস্থাপন করবে, তাদের জন্য আমরা সিড ফান্ডিংয়ের ব্যবস্থা করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।’
প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘এই প্রতিযোগিতাও আঞ্চলিক পর্যায় থেকে শুরু হয়ে জাতীয় পর্যায়ে পৌঁছাবে। ইনশাআল্লাহ চূড়ান্ত পর্বে জেলা ও মহানগর পর্যায়ের সেরা ১০০টি দলকে ঢাকায় জাতীয় পর্যায়ে নিয়ে আসা হবে। প্রধানমন্ত্রী এ ক্ষেত্রেও সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। ইনশাআল্লাহ চীন-বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য চূড়ান্ত পর্বে সেরা ১০টি দলকে ট্রফি প্রদান করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষকদের জন্য সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার এবং শিক্ষার্থীদের জন্য উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হবে।’
তিনি আরও বলেন, ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষার শিক্ষার্থীরা যেন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে, সে জন্য তাদের উদ্ভাবনী ধারণাগুলোকে আমরা অর্থায়ন ও পৃষ্ঠপোষকতা প্রদান করব। একই সঙ্গে আমাদের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ও সমন্বয় গড়ে তুলতে চাই। এর পাশাপাশি, দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের প্রতিটি স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ নিশ্চিত করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব শিক্ষা প্রতিষ্ঠানকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।’
- বিষয় :
- ফুটবল
- ফাইনাল
- প্রধানমন্ত্রী
