ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

দুই মাসে ৬০৫ খুনের যে ব্যাখ্যা দিল পুলিশ

দুই মাসে ৬০৫ খুনের যে ব্যাখ্যা দিল পুলিশ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ২১:২৬ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ২১:২৭

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সংবাদ সম্মেলনে উপস্থাপিত তথ্যের ভিত্তিতে দেশে দুই মাসে ৬০৫টি খুন বিষয়ক প্রতিবেদনের একটি ব্যাখ্যা দিয়েছে পুলিশ সদর দপ্তর। তাদের পাঠানো ব্যাখ্যায় বলা হয়েছে, প্রকাশিত তথ্যের উপস্থাপনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সীমাবদ্ধতা রয়েছে এবং খুনের সংখ্যাটি দেশের বিগত সময়ের প্রবণতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আজ সোমবার পাঠানো বিশ্লেষণধর্মী ওই বিবৃতিতে পুলিশ জানায়, মার্চ ও এপ্রিলে দেশে মোট ৬০৫টি হত্যা মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৩৬টি পূর্বশত্রুতা, ১৪৬টি পারিবারিক কলহ এবং ৬৯টি সম্পত্তি ও অর্থনৈতিক বিরোধের জেরে হয়েছে। রাজনৈতিক কারণে হত্যা হয়েছে মাত্র তিনটি, যা মোট হত্যাকাণ্ডের শূন্য দশমিক ৫ শতাংশ।

পুলিশ বলছে, গত এক দশকে দেশে প্রতি বছর তিন হাজার থেকে সাড়ে চার হাজার পর্যন্ত হত্যা মামলা হয়েছে। সেই হিসাবে দুই মাসের ৬০৫টি হত্যাকাণ্ডকে বার্ষিক হারে রূপান্তর করলে সংখ্যা দাঁড়ায় প্রায় ৩ হাজার ৬৩০, যা আগের বছরগুলোর গড় প্রবণতার মধ্যেই রয়েছে। তাই এ সংখ্যাকে ‘অস্বাভাবিক বৃদ্ধি’ হিসেবে দেখার সুযোগ নেই।

বিবৃতিতে আরও বলা হয়, দেশের প্রায় ১৮ কোটি জনসংখ্যার বিপরীতে গত দুই মাসে প্রতি লাখে হত্যার হার শূন্য দশমিক ৩৪। বৈশ্বিক মানদণ্ডে এটি উচ্চহার নয়। ফলে প্রেক্ষাপট ছাড়া শুধু মোট সংখ্যা তুলে ধরা হলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। 

পুলিশের ভাষ্য, অধিকাংশ হত্যাকাণ্ডই ব্যক্তিগত শত্রুতা, পারিবারিক কলহ কিংবা অর্থনৈতিক বিরোধজনিত। কিন্তু এসব শ্রেণিবিন্যাস বিবেচনায় না এনে সামগ্রিক সংখ্যা উপস্থাপন করায় প্রকৃত চিত্র আড়ালে থেকে গেছে। এ ছাড়া প্রতিবেদনে পূর্ববর্তী সরকারগুলোর একই সময়ের হত্যাকাণ্ডের পরিসংখ্যানের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ অনুপস্থিত বলে উল্লেখ করা হয়।

পুলিশ বলেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে মামলা নথিভুক্তির ক্ষেত্রে অধিক স্বচ্ছতা ও সক্রিয়তা দেখা যাচ্ছে। তাই মামলা বৃদ্ধির পরিসংখ্যান প্রকৃতপক্ষে স্বচ্ছতা ও জবাবদিহিতার নির্দেশক, দুর্বলতার নয়।

প্রতিবেদন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়ে পুলিশ বলেছে, অপরাধ বিশ্লেষণের ক্ষেত্রে শুধু মোট সংখ্যা নয়, বরং অপরাধের ধরন, ঐতিহাসিক তুলনা এবং জনসংখ্যাভিত্তিক হারও উপস্থাপন করা উচিত, যাতে জনগণ বাস্তব পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র জানতে পারে।

এর আগে রোববার রাজধানীর ধানমন্ডিতে এক সংবাদ সম্মেলনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সরকারের ১০০ দিন: সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী প্রতিশ্রুতি বাস্তবায়ন পর্যবেক্ষণ’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করে টিআইবি। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, মার্চ ও এপ্রিল দুই মাসে দেশে ৬০৫টি খুন, ১৯৬টি অপহরণ, ২৯৪টি ছিনতাই এবং ৯০টি ডাকাতির ঘটনা ঘটেছে।

আরও পড়ুন

×