ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

ভূগর্ভস্থ পানির নির্ভরতা কমানোই মূল লক্ষ্য: স্থানীয় সরকারমন্ত্রী

ভূগর্ভস্থ পানির নির্ভরতা কমানোই মূল লক্ষ্য: স্থানীয় সরকারমন্ত্রী
×

ছবি: সমকাল

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ২১:২৯ | আপডেট: ০৮ জুন ২০২৬ | ২১:৩৪

ঢাকা মহানগরের নাগরিকদের জন্য নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে এবং ভূগর্ভস্থ পানির ওপর ক্ষতিকর নির্ভরতা কমিয়ে আনতে মেঘনা পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর এলাকায় ‘মেঘনা পানি শোধনাগার’ (ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট) প্রকল্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

পরিদর্শন শেষে মির্জা ফখরুল বলেন, ‘মেঘনা নদীর পানি শোধন করে ঢাকায় সরবরাহের মাধ্যমে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। এই মেগা প্রকল্পের আওতায় ইতিমধ্যে নদীতে পানি গ্রহণ কেন্দ্র, কাঁচা পানি পরিবহন লাইন, দৈনিক ৫০ কোটি লিটার সক্ষমতাসম্পন্ন পানি শোধনাগার এবং শোধিত পানি সরবরাহের জন্য বিশাল ট্রান্সমিশন নেটওয়ার্ক নির্মাণ করা হয়েছে। বাস্তবায়িত এই প্রকল্পটিতে মোট ব্যয় ধরা হয়েছে ১০ হাজার কোটি টাকা।’

তিনি আরও বলেন, ‘ঢাকা মহানগরের দুই সিটি কর্পোরেশনের নাগরিকদের জন্য নিরাপদ পানির জোগান নিশ্চিত করতেই মেঘনা নদী থেকে পানি এনে শোধনের মাধ্যমে সরবরাহের এই বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছে। অতীতে ঢাকা শহরের পানির চাহিদার জন্য ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতা ছিল। এর ফলে পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাচ্ছিল, যা ভবিষ্যতে এক ভয়াবহ পরিবেশ ও পানির সংকট সৃষ্টি করতে পারত।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘এই সংকট মোকাবিলায় মেঘনা নদীর সারফেস ওয়াটার (উপরিভাগের পানি) ব্যবহার করে তা ট্রিটমেন্টের মাধ্যমে ঢাকা মহানগরে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে প্রতিদিন প্রায় ৫০ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হবে।’

মন্ত্রী বলেন, ‘এই প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর আরও একটি অনুরূপ প্রকল্প গ্রহণের পরিকল্পনা সরকারের রয়েছে। দুটি প্রকল্প একসঙ্গে বাস্তবায়িত হলে প্রতিদিন প্রায় ১০০ কোটি লিটার পানি ঢাকা মহানগরে সরবরাহ করা সম্ভব হবে। ভবিষ্যতে আমাদের ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা সম্পূর্ণ কমিয়ে সারফেস ওয়াটারের ব্যবহার বাড়াতে হবে।’

পরিদর্শনকালে মন্ত্রী প্রকল্পের অবশিষ্ট কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

আরও পড়ুন

×