ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

সারদায় প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে এসআইয়ের মৃত্যু

সারদায় প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে এসআইয়ের মৃত্যু
×

ফাইল ছবি

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ২১:৫০

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে জীবন রহমান (৪৫) নামে এক উপপরিদর্শকের (এসআই) মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে তিনি মারা যান।

জীবন রহমান ২০০৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। 

পুলিশ একাডেমি সূত্রে জানা যায়, সোমবার বিকেলে প্রশিক্ষণরত এসআইদের এক কিলোমিটার দৌঁড়ের কর্মসূচি ছিল। বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে দৌঁড়ানোর সময় হঠাৎ অসুস্থ হয়ে মাঠে বসে পড়েন জীবন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ও মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই এসআই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। যেহেতু এ ঘটনায় কারও কোনো অভিযোগ ছিল না, তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ একাডেমির কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দেননি। একাডেমির অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং পুলিশ সুপার (প্রশাসন)-এর সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তিনি বিষয়টি শুনেছেন এবং এ-সংক্রান্ত আইনি প্রক্রিয়া চারঘাট থানায় সম্পন্ন হবে। 

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন

×