ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বিতর্ক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

পাঠ্যসূচিতে বিতর্ক চর্চা যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে

পাঠ্যসূচিতে বিতর্ক  চর্চা যুক্ত করার  উদ্যোগ নেওয়া হবে
×

জহির উদ্দিন স্বপন

বাসস 

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ০৮:১৫

| প্রিন্ট সংস্করণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিতর্ক কেবল মেধাগত বিনোদন নয়, এটি সুস্থ সমাজ বিনির্মাণের অন্যতম হাতিয়ার। তাই বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে বাধ্যতামূলক হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি সরকারি নীতিগত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। 

গতকাল শনিবার একটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে ‘ঢাকা আইভি : সামাজিক সুরক্ষার জন্য যুব কণ্ঠস্বর’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এটি যৌথভাবে আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস)। 
দেশে স্বাস্থ্যসম্মত বিতর্কের সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করে তথ্যমন্ত্রী বলেন, বিতর্ক এমন একটি প্রক্রিয়া, যা মানুষের সৃষ্টিশীলতাকে প্রতি মুহূর্তে উদ্দীপ্ত করে। একটি সুশৃঙ্খল ও যুক্তিবাদী সমাজ গঠনে বিতার্কিকরাই দেশের আগামী দিনের শ্রেষ্ঠ সম্পদ। 

বিতার্কিকদের উদ্দেশ করে তিনি বলেন, বিতর্ককে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে। আপনারা সুনির্দিষ্ট প্রস্তাবনা তৈরি করলে, আমি শিক্ষামন্ত্রীসহ প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আশ্বস্ত করতে পারব। দ্রুত এটাকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কাঠামোর মধ্যে অন্তর্ভুক্ত করতে নীতিগত ভূমিকা রাখব। 
বিতর্ক প্রতিযোগিতা ইংরেজি মাধ্যমে নর্থ সাউথ ও ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। টুর্নামেন্টের সেরা বিতার্কিক হন বুয়েটের ফয়সাল বি রায়হান এবং ফাইনালের সেরা বিতার্কিক হন একই প্রতিষ্ঠানের সানজানা জামান। 

বাংলা মাধ্যমে চ্যাম্পিয়ন হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রানার্সআপ হয় মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। ফাইনালের সেরা বিতার্কিক নির্বাচিত হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাদাত ইবনে ইসলাম। আর টুর্নামেন্টের সেরা বিতার্কিক হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নায়েম উদ্দিন রফি। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপির সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ। এ ছাড়া গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ডিইউডিএসের চিফ মডারেটর অধ্যাপক এসএম শামীম রেজা। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিইউডিএস সভাপতি জুবায়ের হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাগিব আঞ্জুম। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

আরও পড়ুন

×