ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৭:৪৭
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে ডেঙ্গুতে মৃত দুজনই ময়মনসিংহ বিভাগের। এই সময়ে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৫৬ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার (২২ জুন) ডেঙ্গুতে একজনের মৃত্যুর হয়েছিল।
গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২৯ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৮, চট্টগ্রাম বিভাগে ১৬, ঢাকা বিভাগে ১১, খুলনা বিভাগে ১০, রাজশাহী বিভাগে ৪ ও ময়মনসিংহ বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত ডেঙ্গুতে মোট ১২ জন মারা গেছেন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু (৩ জন) হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে। এই সময়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ময়মনসিংহ বিভাগে ২ জন করে মোট ৪ জন, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে ডেঙ্গুতে একজন করে মোট ৫ জনের মৃত্যু হয়েছে।
- বিষয় :
- ডেঙ্গু আক্রান্ত
- মৃত্যু
- হাসপাতালে ভর্তি
