প্রধানমন্ত্রী-মন্ত্রীদের শোকর না করলে বিরোধীদলকে আজাবের সম্মুখীন হতে হবে: এমপি মাহফুজুল্লাহ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ২০:১১
পবিত্র কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে বুধবার বিতর্ক হয়েছে সংসদে। বিএনপির সংসদ সদস্য (এমপি) আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ পবিত্র কোরআনের আয়াত তিলাওয়াতের পর বলেন, বাজেট বরাদ্দের জন্য প্রধানমন্ত্রী, মন্ত্রীদের শোকর না করলে বিরোধীদলকে আজাবের সম্মুখীন হতে হবে। বিরোধী দল এ বক্তব্যেকে কোরানের প্রতি ব্যঙ্গাত্মক আখ্যা দিয়ে প্রতিবাদ জানায়। পরে সরকার ও বিরোধী দলের জ্যেষ্ঠ নেতারা বিতর্কে জড়ান।
বিরোধী দল বাজেট প্রত্যাখান করে মিছিল করায় সমালোচনা করেন কক্সবাজার-২ আসনের এমপি আলমগীর ফরিদ। তিনি বলেন, ‘ডান পাশের বন্ধুরা কেন সেদিন মিছিল করেছিল জানতে পারি নাই। আমাদের কাছে , প্রধানমন্ত্রীর কাছে, মন্ত্রীদের কাছে বাজেট চাইবে, বরাদ্দ চাইবে। কিন্তু রাস্তায় যেয়ে মিছিল করবে!’
এ সময় আলমগীর ফরিদ সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত তিলওয়াত করেন। যার অর্থ, কৃতজ্ঞতা প্রকাশ করলে, আল্লাহ নিয়ামত বৃদ্ধি করে দেবেন। আর অকৃতজ্ঞ হলে কঠিন শাস্তি দেবেন। আয়াত পাঠের পর বিএনপির এমপি বলেন, ‘শোকর করতে হবে জীবনের। শোকর করতে হবে বরাদ্দের। শোকর করতে হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের। শোকর করতে হবে মাননীয় মন্ত্রীদের। তারা (বিরোধীদল) শোকর করে না। কিন্তু অস্বীকার করে। সেইজন্য তাদের ওপর লা শাহিবুল আজাব (কঠিন শাস্তি), কঠিন আজাব তাদের সম্মুখীন করতে হবে।’
এ বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে জামায়াতে ইসলামীর এমপি নাজিবুর রহমান বলেন, কোরআন, হাদিস ঠাট্টা বিদ্রুপের বিষয় নয়। এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হলে তা খুবই দুঃখজনক। আয়াতের ভুল ব্যাখ্যা করা হয়েছে দাবি করেন নাজিবুর রহমান বলেন, ‘তাদের প্রশংসা করলে, বরাদ্দ বাড়ায় দিবেন। আর বিরোধিতা করলে, পিটাবেন নাকি? এ ধরনের বোঝাতে চাচ্ছেন?'
জামায়াত এমপি বলেন, হাদিসের ভুল ব্যাখ্যা, কোরানের অবমাননাকর কিছু করা যাবে না।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আলমগীর ফরিদ কোরআন নিয়ে ব্যাঙ্গাত্মক মন্তব্য করতে পারেন না। তাঁর বক্তব্য পরীক্ষা করে দেখা হবে। যদি ভুল ব্যাখ্যা দেওয়া হয়, তাহলে এদেশে কখনোই গ্রহণযোগ্য হবে না।
সংসদ সদস্যরা টেবিল চাপড়ে স্পিকারের বক্তব্য সমর্থন জানান। এ পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্লোর নিয়ে বলেন, আলমগীর ফরিদ একজন মাওলানা। তিনি প্রসঙ্গেক্রমে কোরআনের আয়াতটি উল্লেখ করেছেন। আমরা যদি আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরও বাড়িয়ে দেবেন’- এটা বলতে চেয়েছেন। বিষয়টিকে রাজনৈতিকভাবে অপব্যাখ্যা করা ঠিক হবে না।
এরপর বিরোধী দল আপত্তি জানাতে থাকলে স্পিকার বলেন, এটা নিয়ে বিতর্ক হোক, চাই না। এসময় স্পিকার মুজিবুর রহমানকে ফ্লোর দেন। তিনি আয়াতটি নাজিলের প্রেক্ষাপট ও অর্থ বর্ণনা করে বলেন, বিতর্ক হয় এমন কোন কিছু তুলবেন না।
বিরোধী দলকে বাজেটের প্রশংসা করতে হবে- সরকারি দলীয় এমপিদের এই মানসিকতার সমালোচনা করে জামায়াত নায়েবে আমির বলেন, বাজেটের প্রশংসা না করলে, বিরোধী দলের ওপর আজাব আসবে, এই পর্যায়ে নিয়ে গিয়েছেন। এই কথাটা মোটেও সঠিক না।
চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, সংসদ সদস্য মাহফুজুল্লাহ একজন আলেম। তিনি ব্যঙ্গাত্মক বলেছেন কিনা তা স্পিকার জানতে চাইতে পারেন। এই আলোচনা এখানেই শেষ হোক। পরে আবার বাজেট আলোচনায় ফিরে যান স্পিকার।
- বিষয় :
- সংসদ
