সিপিবি সভাপতির দাবি
গ্যাস সংকট নিরসন করে জনজীবনে স্বস্তি ফেরাতে হবে
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ০৪:৪৪
গ্যাস সংকট নিরসন করে জনজীবনে স্বস্তি ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন। তিনি বলেছেন, দেশে তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত। অথচ সংকট নিরসনে সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনের সামনে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটি আয়োজিত মশাল মিছিল পূর্ব সমাবেশে সাজ্জাদ জহির চন্দন এসব কথা বলেন। ঢাকাসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট নিরসনের দাবিতে এই মশাল মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
সিপিবি সভাপতি বলেন, অবস্থাদৃষ্টে মনে হয়, মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি পরিচালিত মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনালে অগ্নিকাণ্ডের ঘটনায় সৃষ্ট গ্যাস সংকটের সঙ্গে চলমান এলএনজি আমদানিকেন্দ্রিক চক্রান্তের সংযোগ রয়েছে। সংকট নিরসনে দেশীয় জ্বালানি প্রতিষ্ঠানগেুলোকে শক্তিশালী করে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, দ্রুত ক্ষতিগ্রস্ত ভাসমান টার্মিনাল মেরামত ও দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বহুজাতিক কোম্পানিটির প্রভাবমুক্ত, স্বাধীন, নিরপেক্ষ ও বিশেষজ্ঞদের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করতে হবে। এই কমিটির তদন্ত প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান কাজী সাজ্জাদ জহির চন্দন।
সিপিবি ঢাকা মহানগর দক্ষিণ জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম সমীরের সভাপতিত্বে ও সম্পাদকমণ্ডলীর সদস্য আক্তার হোসেনের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন, সম্পাদকমণ্ডলীর সদস্য হাসিনুর রহমান রুশো, ত্রিদিব সাহা, জেলা কমিটির সদস্য মণিষা মজুমদার, ফিরোজ আল মামুন, জাহিদ নগর প্রমুখ। সমাবেশ শেষে একটি মশাল মিছিল পল্টন মোড় হয়ে বিজয়নগরসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।