ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিপিসি ক্যান্টিন পরিদর্শনে প্রতিমন্ত্রী আফরোজা খানম, সেবার মানে আপস নয়

বিপিসি ক্যান্টিন পরিদর্শনে প্রতিমন্ত্রী আফরোজা খানম, সেবার মানে আপস নয়
×

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১৮:২১

বাংলাদেশ পর্যটন করপোরেশন (বিপিসি) পরিচালিত বাংলাদেশ সচিবালয়ের এক্সিকিউটিভ ক্যান্টিনে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। বুধবার পরিদর্শনকালে তিনি ক্যান্টিনের খাবারের মান, মূল্য, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও সার্বিক সেবার বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।

এ সময় মন্ত্রী ক্যান্টিনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তারা খাবারের মান, মূল্য ও সেবার বিষয়ে নিজেদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। পরে ক্যান্টিন পরিচালনার সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সেবার মান উন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত, মানসম্মত ও সাশ্রয়ী খাবার নিশ্চিত করা জরুরি। সেবার মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা যাবে না।

তিনি বলেন, ক্যান্টিনের বর্তমান জায়গা তুলনামূলক সীমিত। কর্মকর্তা-কর্মচারীদের সুবিধার কথা বিবেচনা করে ক্যান্টিনের পরিসর বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে, যাতে সবাই আরও স্বাচ্ছন্দ্যে উন্নত পরিবেশে সেবা নিতে পারেন।

আফরোজা খানম বলেন, কর্মকর্তা-কর্মচারীদের উন্নত সেবা নিশ্চিত করতে কোনো পূর্বঘোষণা ছাড়াই এ ধরনের আকস্মিক পরিদর্শন অব্যাহত থাকবে। ক্যান্টিন পরিচালনায় অনিয়ম, অব্যবস্থাপনা বা সেবার মানে গাফিলতির অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, খাবারের মান, পরিবেশ বা সেবা নিয়ে কোনো অভিযোগ কিংবা পরামর্শ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রয়োজনে সরাসরি তাকেও জানানো যাবে।

পরিদর্শন শেষে মন্ত্রী ক্যান্টিনের পরিবেশ আরও পরিচ্ছন্ন, আধুনিক ও সেবাবান্ধব করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি নিয়মিত তদারকি, জবাবদিহিতা নিশ্চিত করা এবং কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত পরিবেশ তৈরিতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে বলেন।

আরও পড়ুন

×