আদালত নিয়ে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ২১:৫১
আদালত সংক্রান্ত কোনো তথ্য দেওয়ায় যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় সে বিষয়ে আইন সংবাদিকদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার আইন, বিচার, সংবিধান ও মানবাধিকার বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব নির্বাচিত কমিটির সংগে মতবিনিময় সভায় এই অনুরোধ করেন তিনি।
এলআরএফ সদস্যদের উদ্দেশ্যে অ্যাটর্নি জেনারেল বলেন, আদালতকেন্দ্রিক রিপোর্টিংয়ের সঙ্গে যুক্তদের পেশাগত দক্ষতা ও দায়িত্ববোধ রয়েছে। তাই বিচারিক কার্যক্রম ও লিখিত আদেশের বাইরে কোনো তথ্য প্রকাশের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন। আদালতের কোনো কথা বা প্রসিডিংয়ের বাইরে লিখিত রায় কিংবা আদেশের বাইরে কতটুকু লেখা উচিত সেটা আপনাদের জানা আছে।
তিনি বলেন, ‘যারা দীর্ঘদিন ধরে মিডিয়াতে কাজ করছেন, আদালত নিয়ে কাজ করছেন, তাদের একটা পেশাদারিত্ব তৈরি হয়েছে। আমি মনে করি ল’ রিপোর্টারস ফোরামের সদস্যরা এ ব্যাপারে সতর্ক আছেন এবং থাকবেন।’
আপিল বিভাগে প্রবেশাধিকারের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, দায়িত্ব গ্রহণের পরই তিনি প্রধান বিচারপতির কাছে অনুরোধ করেছিলেন, যাতে তিনি তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। কিছুদিন আগেও সিনিয়র আইনজীবীসহ তিনি বিষয়টি বলেছেন। আবারও প্রধান বিচারপতিকে বিষয়টি জানানো হবে বলে জানান তিনি।
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি মুহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আরাফাত মুন্নার নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবু সালেহ রনি, যুগ্ম সম্পাদক তানভির আহমেদ, অর্থ সম্পাদক মনজুর হোসাইন, সাংগঠনিক সম্পাদক আহমেদ আল আমিন, দপ্তর সম্পাদক মাহমুদুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল বাশার এবং কার্যনির্বাহী সদস্য ইলিয়াস সরকার ও এস এম নূর মোহাম্মদ।
- বিষয় :
- অ্যাটর্নি জেনারেল
- আদালত