ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রবীন্দ্রনাথের ‘বাঁশি’কে নতুনভাবে মঞ্চে তুলে আনল শ্রুতিঘর

রবীন্দ্রনাথের ‘বাঁশি’কে নতুনভাবে মঞ্চে তুলে আনল শ্রুতিঘর
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬ | ২২:৫৯

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিতে ‘বাঁশি’ কখনো প্রেমের প্রতীক, কখনো বেদনার ভাষা, কখনো আবার মুক্তি ও আত্মসমর্পণের আহ্বান। তার কবিতা, গান, গল্প ও প্রবন্ধে বাঁশির এমন বহুমাত্রিক উপস্থিতিকে কেন্দ্র করে নতুন আবৃত্তি প্রযোজনা ‘রবীন্দ্রনাথের বাঁশি’ মঞ্চস্থ করেছে আবৃত্তি সংগঠন শ্রুতিঘর।

শুক্রবার রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট মিলনায়তনে প্রযোজনাটির মঞ্চায়ন হয়। রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা, গান, গল্প ও প্রবন্ধ থেকে নির্বাচিত অংশ নিয়ে সাজানো এই প্রযোজনায় একক ও সমবেত আবৃত্তির মাধ্যমে বাঁশির নানা প্রতীকী অর্থ দর্শকদের সামনে তুলে ধরা হয়।

প্রযোজনার মূল ভাবনায় তুলে ধরা হয়েছে, রবীন্দ্রনাথের রচনায় বাঁশি শুধু একটি বাদ্যযন্ত্র নয়; এটি মানুষের অন্তর্জাগরণ, অনুভূতির বিস্তার এবং সীমাবদ্ধতা অতিক্রম করে বৃহত্তর সত্যের দিকে যাত্রারও প্রতীক। কখনো প্রেম, কখনো বেদনা, কখনো মুক্তির আকাঙ্ক্ষা, আবার কখনো স্রষ্টার প্রতি আত্মসমর্পণ ও বিশ্বমানবতার আহ্বান-বাঁশি তার সাহিত্যে নানা অর্থে ফিরে এসেছে।

আবৃত্তির পাশাপাশি আবহসংগীত ও বাঁশির সুর প্রযোজনাটির পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। কণ্ঠ, সংগীত ও মঞ্চায়নের সমন্বয়ে তৈরি হয় একটি স্বতন্ত্র আবহ।

প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন সৈয়দ ফয়সল আহমদ। কথামালা উপস্থাপনায় ছিলেন অধ্যাপক সায়মা ফিরোজ।

একক ও সমবেত আবৃত্তিতে অংশ নেন অতসী হৈমন্তিকা, নীলা হাসান, রেজিনা খন্দকার, শফিকুল ইসলাম সোহাগ, রেজওয়ানুল কবির সুমন, সুলতানা আক্তার সূচনা, সুপ্তি বিশ্বাস, শিল্পী রেখা ভৌমিক, জয়া রায়, শামসুন নাহার, মুরশিদা পাঠান, তামান্না সুলতানা এবং সৈয়দ ফয়সল আহমদ।

আবহসংগীত পরিকল্পনা ও প্রয়োগ করেছেন অসীম কুমার নট্ট। বাঁশিতে ছিলেন রবিউল ইসলাম হিরণ। আলোক পরিকল্পনা করেছেন ফারুক খান টিটু, পোশাক পরিকল্পনায় ছিলেন নীলা হাসান এবং প্রযোজনা অধিকর্তার দায়িত্ব পালন করেন তামান্না সুলতানা।

২০১১ সালে প্রতিষ্ঠিত শ্রুতিঘর ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে নিয়মিত আবৃত্তি অনুষ্ঠান, কর্মশালা এবং নতুন আবৃত্তিশিল্পী তৈরির কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির নতুন ও পুরোনো সদস্যদের অংশগ্রহণে নির্মিত ‘রবীন্দ্রনাথের বাঁশি’ তাদের সাম্প্রতিক প্রযোজনা।

আরও পড়ুন

×