ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

জনস্বার্থ পরিপন্থি একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার

সিপিবির সভায় নেতারা

জনস্বার্থ পরিপন্থি একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ০৯:১০ | আপডেট: ০৭ আগস্ট ২০২৬ | ১৩:৫৩

| প্রিন্ট সংস্করণ

সৌদি আরবের নেতৃত্বাধীন প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে শামিল করার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। নেতারা বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেওয়া বিএনপি সরকার এই অপরিণামদর্শী সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশকে বৈশ্বিক ও আঞ্চলিক যুদ্ধবিগ্রহের শিকারে পরিণত করেছে। গত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই এই সরকার একের পর এক জাতীয় ও জনস্বার্থ পরিপন্থি পদক্ষেপ নিচ্ছে। এর মধ্য দিয়ে সরকারের গণবিরোধী চরিত্র ক্রমেই উন্মোচিত হচ্ছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর পুরানা পল্টনে মুক্তিভবনে সিপিবির কেন্দ্রীয় কমিটির দুদিনব্যাপী সভার প্রথম দিনে নেতারা এসব কথা বলেন। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে এতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন।
বক্তব্য দেন সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, লক্ষ্মী চক্রবর্তী, অধ্যাপক এমএম আকাশ, রফিকুজ্জামান লায়েক, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার, মিহির ঘোষ, অনিরুদ্ধ দাশ অঞ্জন, ডা. দিবালোক সিংহ, ডা. সাজেদুল হক রুবেল, লুনা নূর প্রমুখ।

সভার প্রস্তাবে বলা হয়, সংসদের তথাকথিত বিরোধী জোট সরকারের এসব জাতীয় স্বার্থ ও গণবিরোধী কর্মকাণ্ডে সাগরেদের ভূমিকা নিয়েছে। স্বাধীনতাবিরোধী জামায়াত ও তার শরিকরা মুখে সৎ লোকের শাসনের কথা বললেও লোকচক্ষুর আড়ালে সরকারি আর্থিক সহযোগিতা নিজ পরিবারের সদস্যদের মাধ্যমে লোপাট, চাকরির লোভ দেখিয়ে যৌন নিপীড়নসহ নানা অপকর্মে লিপ্ত হয়েছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যের বিরুদ্ধে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে। 
রাজনৈতিক রিপোর্টে অবিলম্বে দেশের স্বার্থবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি জানানো হয়। এতে বলা হয়, সরকারের পাঁচ মাস অতিবাহিত হলেও দেশের বিপর্যস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। উপরন্তু শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতাবিরোধী শক্তির পরিকল্পিত সহিংসতা ও সন্ত্রাসের ফলে জননিরাপত্তাহীনতা আরও প্রকট হয়েছে। সারাদেশে ক্রমবর্ধমান হত্যা, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, নিপীড়ন, মব সহিংসতা এবং রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় সাধারণ মানুষের আতঙ্ক বেড়েছে। 

আরও পড়ুন

×