ঢাকা শনিবার, ০৮ আগস্ট ২০২৬

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ২২:১০ | আপডেট: ০৭ আগস্ট ২০২৬ | ২২:২৭

দেশে হামের সংক্রমণ এখনও উদ্বেগজনক। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ২০১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে এবং আরও ১০১৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় হামের উপসর্গে তিন শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। মৃত তিনজনের মধ্যে সিলেটের দুজন আর একজন ময়মনসিংহের। এর ফলে গত ১৫ মার্চ থেকে ৭ আগস্ট পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬০ জনে। এর মধ্যে ৯৬ জনের মৃত্যু নিশ্চিত হামের কারণে এবং ৭৬৪ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

নতুন শনাক্ত ও উপসর্গ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৬ হাজার ৭৪০ জনের হাম শনাক্ত হয়েছে। উপসর্গ দেখা গেছে মোট ১ লাখ ৩৩ হাজার ৬৩৮ জনের মধ্যে।

ফরিদপুরে আক্রান্ত ৪ হাজার ৩০৬
এদিকে ফরিদপুরে হামের সংক্রমণ এখনও উচ্চমাত্রায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জন আক্রান্ত হওয়ায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ আগস্ট পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৬ জনে। তবে গত ২৪ ঘণ্টায় জেলায় হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে চলতি বছরে ফরিদপুরে হামে মোট মৃত্যুর সংখ্যা ২১ জনেই অপরিবর্তিত রয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে ৩১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৯ জন ফরিদপুর জেনারেল হাসপাতালে শনাক্ত হয়েছেন। আক্রান্তদের বেশির ভাগই শিশু। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ জন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ৬৯ জন এবং জেনারেল হাসপাতালে ৩০ জন ভর্তি রয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ২৮ জন হাসপাতাল ছেড়েছেন।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্য বিভাগ সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করছে।

আরও পড়ুন

×