ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সেমিনারে তথ্যমন্ত্রী

গণআকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যমকে কাঠামোগত রূপান্তরের আহ্বান

গণআকাঙ্ক্ষা পূরণে  গণমাধ্যমকে কাঠামোগত  রূপান্তরের আহ্বান
×

 বাসস 

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ০৮:০৮

| প্রিন্ট সংস্করণ

পরিবর্তনশীল প্রযুক্তির এ যুগে গণআকাঙ্ক্ষার সঠিক প্রতিফলন ঘটাতে এবং নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যম-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর আমূল আধুনিকায়ন ও কাঠামোগত রূপান্তরের আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

গতকাল সোমবার জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘মুনসুন রিভল্যুশন অডিটোরিয়াম’-এ আয়োজিত এক সেমিনারে তিনি এই আহ্বান জানান। ‘গণমাধ্যম, গণআকাঙ্ক্ষা ও জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন তথ্যমন্ত্রী। 

জহির উদ্দিন স্বপন বলেন, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান, বিটিভি বা রেডিওর মূল কাঠামো গড়ে উঠেছিল ইন্টারনেট ও স্মার্ট ডিভাইস যুগের আগে। পরিবর্তিত ও রূপান্তরিত এই নতুন প্রেক্ষাপটে দর্শক ও শ্রোতাদের নতুন চাহিদা, ক্লাউড প্রযুক্তি ও নতুন চ্যালেঞ্জগুলো কী– তা গভীরভাবে অনুধাবন করতে হবে। জনগণের এই আকাঙ্ক্ষাকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে গণমাধ্যমে সঠিকভাবে রূপান্তরের জন্য বিশেষজ্ঞদের জ্ঞান, লাগসই প্রযুক্তি এবং দক্ষতার সুসংহত প্রয়োগ ঘটানো জরুরি। 
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ড. সায়মা ফেরদৌস এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। সেমিনারে গণমাধ্যম গবেষক, শিক্ষক, বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিক ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন

×