ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধে রুল জারি 

ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধে রুল জারি 
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১৯:২৪ | আপডেট: ১৮ আগস্ট ২০২৬ | ২০:০৫

ই-সিগারেট, হিটেড টোব্যাকোসহ (এইচটিপি) ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট এবং নিকোটিন পাউচ নিষিদ্ধ ও বাজার থেকে অপসারণে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববিহীন ও কার্যকারিতাহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তামাক বিরোধী জোট। জোটের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঁইয়ার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একই সঙ্গে মানবজীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য বাজার থেকে অপসারণ এবং প্রয়োজনে নিষিদ্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি রুলে মানবজীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব ধরনের ইমার্জিং টোব্যাকো প্রোডাক্ট-ই-সিগারেট ও হিটেড টোব্যাকো-এবং নিকোটিন পাউচ বাজার থেকে অপসারণ অথবা নিষিদ্ধ করার বিষয়ে বিবাদীদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আদালতে বাদীপক্ষে মামলাটি শুনানি করেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী ও ব্যারিস্টার নিশাত মাহমুদ। তাঁরা জনস্বাস্থ্য সুরক্ষা, সংবিধানের ১৮(১) ও ৩২ অনুচ্ছেদ এবং ক্ষতিকর ইমার্জিং টোব্যাকো প্রডাক্টের বাজার নিয়ন্ত্রণে রাষ্ট্রের দায়িত্বের বিষয়গুলো আদালতে তুলে ধরেন। মামলার বাদীরা হলেন এ কে এম মাকসুদ, সাইফুদ্দিন আহমেদ, হেলাল আহমেদ ও মো. আমিনুল ইসলাম।

আরও পড়ুন

×