কলকাতায় নিহতদের দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ফাইল ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ২০:২৪ | আপডেট: ১৯ আগস্ট ২০২৬ | ২২:২০
কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত দেশে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। খবর বিবিসি বাংলা
প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত নয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যার মধ্যে পাঁচজন বাংলাদেশের।
কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন ইতোমধ্যে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বলেও জানান প্রতিমন্ত্রী।
এর আগে মঙ্গলবার গভীর রাতে কলকাতার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেল আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৫ জন্য বাংলাদেশি ও একজন ভারতীয়।
নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে। আড়াই বছর বয়সীটির নাম শর্ণশিষ দত্ত। শর্ণশিষ দত্তের বাবা সাংবাদিক দেবাশিস দত্ত (৩৯), মা ২৭ বছর বয়সী আফসানা শিম্মিন এবং নানা আকরাম আলীও মারা গেছেন।
দেবাশিস দত্তের বাড়ি কুষ্টিয়া মডেল থানার মোহিনী মিল এলাকার আরুয়াপাড়ায়। তার বাবার নাম দিলীপ কুমার দত্ত। আকরাম আলীর বাড়ি কুষ্টিয়া হেড পোস্ট অফিস এলাকার বদরুদ্দোজা রোডে।
নিহত আহামেদ বাবুর বাড়ি ঢাকার সাভারের আমিনবাজারের বেগুনবাড়িতে। তার বাবার নাম আদম আলী।
১৯ বছর বয়সী সন্দীপ পাসওয়ান ভারতের ঝাড়খণ্ডের গিরিডি জেলার বাসিন্দা।
অপর তিনজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। আগুনের সময় ওই হোটেলে ২৫ জন বাংলাদেশি ছিলেন।
- বিষয় :
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- শামা ওবায়েদ