বাড্ডায় ২১ কোটি টাকা মূল্যের খাস জমি উদ্ধার
উদ্ধার অভিযানের পর খাস জমিতে সরকারি মালিকানা সংক্রান্ত সাইনবোর্ড স্থাপন করা হয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৩৮
রাজধানীর বাড্ডা থানার উত্তর নন্দীপাড়া মৌজায় প্রায় ২১ কোটি টাকা মূল্যের ০.১৪৫৯ একর সরকারি খাস জমি উদ্ধার করেছে ঢাকা জেলা প্রশাসন। বৃহস্পতিবার উদ্ধার অভিযানের পর ওই জমি সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।
ডেমরা রাজস্ব সার্কেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা প্রশাসন আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধার জমিটি ইস্টার্ন হাউজিং লিমিটেড প্রকল্পের আফতাব নগর এলাকায় কোম্পানিটির তৈরি লে-আউট প্ল্যান অনুযায়ী ‘এম’ ব্লকের ২ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে অবস্থিত।
ঢাকা জেলা প্রশাসন জানিয়েছে, জমিটি উত্তর নন্দীপাড়া মৌজার সিটি ১ নম্বর খতিয়ানভুক্ত এবং সিটি ১৭১৮ নম্বর দাগে অন্তর্ভুক্ত। ০.১৪৫৯ একর (প্রায় ১৪.৬ শতাংশ) জমিটির বর্তমান আনুমানিক বাজারমূল্য ২১ কোটি টাকা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ধারের পর ওই খাস জমিতে সরকারি মালিকানা সংক্রান্ত অফিসিয়াল সাইনবোর্ড স্থাপন করা হয়। অবৈধ দখল থেকে জমিটি সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণে নেওয়া হয়। সরকারি সম্পত্তির স্বার্থ সংরক্ষণ ও অবৈধ দখলমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।