এক দিনে ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ২১:২৯
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৯০-এ দাঁড়িয়েছে। একই সময়ে নতুন করে ৯৯৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন, যা এ বছরের সর্বোচ্চ। এর আগে ২৪ আগস্ট এক দিনে ৯৯৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দুই হাজার ১০১।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই পুরুষ। তাদের একজনের বয়স ৫১ থেকে ৫৫ বছর এবং অন্যজনের ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে। চলতি বছরে ডেঙ্গুতে মৃত ৯০ জনের মধ্যে ৫১ জন নারী এবং ৩৮ জন পুরুষ। অর্থাৎ, মৃতদের ৫৭ দশমিক ৩ শতাংশ নারী এবং ৪২ দশমিক ৭ শতাংশ পুরুষ। একজনের মৃত্যুর তথ্য পরে ‘ফলস’ হিসেবে চিহ্নিত হয়েছে।
মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালগুলোতে ৩১ জন, উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ১১ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় তিনজন মারা গেছেন। এ ছাড়া খুলনায় ১৭ জন, বরিশালে ৯, ময়মনসিংহে আট, চট্টগ্রামে পাঁচ, রাজশাহীতে চার এবং রংপুর ও সিলেটে একজন করে মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ৯৮৬ জন। তাদের মধ্যে ৩১ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এদের মধ্যে শনিবার সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৯৭৫ জন।