ঢাবির ছাত্রী হলের গেট বন্ধ হবে রাত ১১টায়, সাময়িক বরখাস্ত চার শিক্ষক
ফাইল ছবি
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:৪৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হলের ফটক বন্ধের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। এখন থেকে রাত ১১টায় ছাত্রী হলের ফটক বন্ধ হবে। আগে রাত ১০টায় হলের ফটক বন্ধ করা হতো।
এদিকে জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগে তিন শিক্ষককে এবং শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগে আরও এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য এবিএম ওবায়দুর রহমান।
সিন্ডিকেট সভার সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতার অভিযোগে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এম ওয়াহিদুজ্জামান, অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের বিচারিক প্রক্রিয়া পরিচালনার জন্য একটি ট্রাইব্যুনালও গঠন করা হয়েছে।
অন্যদিকে নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ না করেই শিক্ষক হওয়ার অভিযোগে সংগীত বিভাগের সহযোগী অধ্যাপক মো. জিয়াউর রহমানকে (সায়েম রানা) সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্তের জন্য তার বিরুদ্ধে পৃথক তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নাম প্রকাশ না করার শর্তে এক সিন্ডিকেট সদস্য বলেন, মো. জিয়াউর রহমান ইসলামিক স্টাডিজ বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর এবং সংগীত বিষয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তবে সংগীত বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিতে সংগীত বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক ছিল।
রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা
সিন্ডিকেট সভায় ২০১৯ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া মো. রাশেদ খানকে জিএস ঘোষণা করা হয়েছে।
সিন্ডিকেট সূত্রে জানা গেছে, ওই নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে জিএস নির্বাচিত হয়েছিলেন গোলাম রাব্বানী। পরে তার নির্বাচনের সময় ছাত্রত্ব না থাকার বিষয়টি প্রমাণিত হওয়ায় ডাকসুর ওই পদ বাতিল করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া রাশেদ খানকে জিএস ঘোষণা করা হয়েছে।
- বিষয় :
- ঢাবি
- শিক্ষার্থী
- শিক্ষক
- বহিষ্কার