এভিয়েশন হাব হতে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৩০
বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের উদ্যোগে জাপানের সহযোগিতা চেয়েছে সরকার। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালু, ঢাকা-নারিতা সরাসরি বিমান যোগাযোগ সম্প্রসারণ এবং পর্যটন খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে।
বুধবার সকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময় এসব বিষয়ে আলোচনা হয়।
পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান জাপানের রাষ্ট্রদূত। জবাবে মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাবে রূপান্তরের অগ্রযাত্রায় জাপানকে পাশে চায় সরকার।
মন্ত্রী বলেন, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হয়েছে। এ বিমান যোগাযোগ দুই দেশের মধ্যে যোগাযোগ ও সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন। এই যোগাযোগকে আরও কার্যকরভাবে কাজে লাগিয়ে দুই দেশের অর্থনৈতিক ও পর্যটন সম্পর্ক বাড়ানোর সুযোগ রয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল যথাসময়ে উদ্বোধনের বিষয়ে সরকারের দৃঢ় অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, টার্মিনালটি সফলভাবে চালুর জন্য দ্রুত অপারেশনাল রেডিনেস অ্যান্ড এয়ারপোর্ট ট্রান্সফার (ওআরএটি) কার্যক্রম শুরু করা জরুরি।
মন্ত্রী জানান, জাপানি সাব-ওয়ার্কিং গ্রুপের (এসডব্লিউজি) জমা দেওয়া প্রস্তাবের কারিগরি ও আর্থিক মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী সপ্তাহে এ বিষয়ে আলোচনা শুরু হবে। তৃতীয় টার্মিনালের সফল পরিচালনার জন্য লেটার অব অ্যাস্যুরেন্স নিয়েও মন্ত্রণালয় পর্যায়ে কাজ চলছে। সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশে পাঁচ শতাধিক হেরিটেজ ট্যুরিজম স্পট রয়েছে উল্লেখ করে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, এসব পর্যটনকেন্দ্রের উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।
বুদ্ধিস্ট ট্যুরিজমের উন্নয়নেও জাপানের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে কাজ করতে আগ্রহী সরকার। বাংলাদেশের পর্যটন খাতে জাপানি বিনিয়োগ আকৃষ্ট করতে অনুকূল পরিবেশ তৈরির বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। হেরিটেজ ট্যুরিজমের উন্নয়নে জাপানি বিনিয়োগকারীদের প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।
জবাবে রাষ্ট্রদূত সাইদা শিনিচি বাংলাদেশের বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করার বিষয়ে জাপানের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
- বিষয় :
- জাপান
- এভিয়েশন খাত
- বাংলাদেশ
- সহায়তা