আসিফ মাহমুদসহ ১৭ জনের নথি চেয়ে মন্ত্রণালয়ে দুদকের চিঠি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৪২
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়নসংক্রান্ত তথ্য চেয়ে মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া ও পরে তা বাতিলের নথি এবং মাঠপর্যায়ের ১৩ কর্মকর্তার ব্যক্তিগত নথির সত্যায়িত অনুলিপি চেয়েছে সংস্থাটি।
দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক ও অনুসন্ধান দলের প্রধান মো. জাহিদ কালামের সই করা চিঠিটি গতকাল বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের কাছে পাঠানো হয়। গতকাল দুদক সচিব সাইদুর রহমান খান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
দুদকের চিঠিতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালে যেসব নিয়োগ, পদোন্নতি, বদলি ও পদায়ন হয়েছে, সেগুলোর তথ্য ও সংশ্লিষ্ট নথি পাঠাতে হবে। এসব তথ্য আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে দুদকের প্রধান কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।
যেসব তথ্য চেয়েছে দুদক
দুদকের চিঠিতে মোট পাঁচ ধরনের তথ্য ও নথি চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত তথ্য এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪৬৬ ও ২৭৪ নম্বর স্মারকের ভিত্তিতে বদলিসংক্রান্ত নথির সত্যায়িত অনুলিপিও চাওয়া হয়েছে।
তিনটি স্মারকের ভিত্তিতে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাকে চলতি দায়িত্ব দেওয়া, পরে তা বাতিল এবং তাঁদের পদায়নসংক্রান্ত নথির সত্যায়িত অনুলিপি চেয়েছে দুদক।
মন্ত্রণালয়ের অধীন মাঠপর্যায়ের ১৩ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ব্যক্তিগত নথির সত্যায়িত অনুলিপিও চাওয়া হয়েছে। পাশাপাশি উচ্চপর্যায়ের চারজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিধি-বিধান ও সহায়ক রেকর্ডপত্র পাঠাতে বলা হয়েছে।
যাদের বিরুদ্ধে অনুসন্ধান
দুদকের অনুসন্ধানে উচ্চপর্যায়ের চারজনের নাম রয়েছে। তারা হলেন- অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
এ ছাড়া যেসব কর্মকর্তার ব্যক্তিগত নথি চাওয়া হয়েছে, তারা হলেন- যুব উন্নয়ন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মো. মামুন, মো. জাহিদ, মো. আমির (ঢাকা), মো. আনিচ, মো. জাহিদ, মো. ইব্রাহিম (বগুড়া), মো. জুলহাস (বরিশাল), মো. নাকিমউদ্দিন, মো. আলী হোসেন, আবু সাঈদ (পাবনা), কোরবান আলী (ধামরাই, ঢাকা) ও আলী হোসেন (নরসিংদী)।
গত বুধবার আসিফ মাহমুদসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এর পরদিনই অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট নথি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হলো।
- বিষয় :
- দুদক